গৌরীপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বরখাস্তের নির্দেশ
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০২ মে ২০১৩, ২০:৪৩
স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গৌরীপুরে মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ মো. শহিদুল ইসলাম ফকিরকে বরখাস্ত এবং বিদ্যালয়ের ১১ শিক্ষক ও ২ কর্মচারীর বেতন ৩ মাস স্থগিতের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব) মুজিবুর রহমান ফকির এমপি। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এক জরুরি সভায় এসময় প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির এমপি অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত ও সব শিক্ষক-কর্মচারিদের বেতন ৩ মাসের জন্য স্থগিত করতে স্কুল ম্যানেজিং কমিটিকে নির্দেশ দেন। জানা গেছে, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভাতিজা মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ মো. শহিদুল ইসলাম ফকিরের বিরুদ্ধে ক’দিন আগে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করে। অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে।