গফরগাঁওয়ে দু’দলের সংঘর্ষ মহিলাসহ ১৫ জন আহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার চরআলগী ইউনিয়নে চরমছলন্দ মীরাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, চরমছলন্দ মীরাপাড়া গ্রামের বেলাল উদ্দিন ফরাজীর সাথে একই গ্রামের রফিকুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ঐ দিন বিরোধপূর্ণ জমিতে তাদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে রফিকুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বেলাল উদ্দিন ফরাজির লোকজনের উপর চড়াও হয়। এ ঘটনায় উভয়পক্ষের মহিলাসহ ১৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত গোলাম মোস্তফা (৪৫), বেলাল উদ্দিন (৪২), জোসনা (৩৫), অন্তর (১৬), রুনা (১৮), রফিকুল ইসলাম (৪৫), পারুল (৪০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আলমগীর (১৬) কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি সাইফুল ইসলাম ফরাজী জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চরমছলন্দ গ্রামের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।