কক্সবাজারে পিতা হত্যার বিচার চেয়ে শিশুকন্যার স্মারকলিপি

কক্সবাজার শহরের বাসিন্দা মাছ ব্যবসায়ী আহমদ কামাল হত্যার বিচার চেয়ে তার ৫ বছর বয়সী শিশুকন্যা মুমু এখন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। প্রথম শ্রেণীতে পড়ুয়া মুমু জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে গিয়ে নিজেই কান্নায় ভেঙ্গে পড়ে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০ এপ্রিল গভীর রাতে শহরের ফুলবাগ সড়ক এলাকার মাছ ব্যবসায়ী আহম্মদ কামালকে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর মা বাহার বেগম বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মোনাফ সিকদারকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার ১০দিন পরও পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। বাহার বেগম অভিযোগ করেন, পুলিশ আসামিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন বলেন, আসামিরা এলাকায় নেই। তাই পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না।