সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০২ মে ২০১৩, ২০:৪৪
মুরাদনগরে স্কুলের গাছ বিক্রির অভিযোগ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ মুরাদনগর উপজেলার জিএম উচ্চ বিদ্যালয়ের রোপণ করা বিভিন্ন প্রজাতির ৬৫ টি গাছ অবৈধভাবে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রতিকার চেয়ে বিদ্যালয়ের দাতা সদস্য মো. সুরুজ মিয়া ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করলে ইউএনও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন। মঙ্গলবার সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান। ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আঃ রউফ জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক গাছ বিক্রি করা হয়েছে।
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ বড়াইগ্রাম উপজেলার মানিকপুর কলাবাগানে ট্রাক ও জমি চাষের ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আলম (৪৪) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার মারা গেছেন। নিহত আলম বড়াইগ্রামের বাজিতপুর গ্রামের মৃত লালচাঁদের ছেলে।
কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে গত বুধবার দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন প্রাইম ব্যাংক লি:-এর সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন পেট্রোবাংলার ডেপুটি জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ, কালীগঞ্জ উপজেলা চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, ডা: শাহরিয়ার কবির প্রমুখ। অনুষ্ঠানে ২৫০ জনের ফ্রি রক্তে গ্রুপিং করা হয়।
কসবায় ৭৫টি সাপের বাচ্চা উদ্ধার
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গত বুধবার কসবা উপজেলার কায়েমপুর পশ্চিম পাড়া গ্রামের ডাঃ মনিরুল ইসলামের বাড়ির ফেনকচু গাছের নিচ থেকে ৭৫টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন সাপগুলোকে মেরে একটি পাতিলে তুলে রাখে। ঘটনাটি দেখার জন্য বাড়িতে শত শত লোকের ভিড় জমে।
রায়পুরায় একাডেমিক ভবন উদ্বোধন
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ আব্দুল মজিদ মোল্লা ফাউন্ডেশন-এর অর্থায়নে রায়পুরা উপজেলার ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে গত বুধবার বিদ্যালয় চত্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমিক ভবনের উদ্বোধন করেন থার্েমক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আব্দুল মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা।
খাগড়াছড়িতে হত্যাকারীদের শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি \ জেলা সদরের বাঙ্গালকাঠি এলাকায় যৌতুকের দাবি পূরণ না করায় গৃহবধূ আয়েশা বেগম(২০)কে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। বুধবার খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পরিবারের লোকজন খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় গত ২৭ এপ্রিল আয়েশা বেগম স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হয়ে খুন হলেও পরিবারের পক্ষ থেকে আয়েশা আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়। এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে। পুলিশ এক আসামি আয়েশা খাতুনের শাশুড়ি সিরাজ খাতুনকে আটক করলেও স্বামী ও অন্যরা পলাতক।
গোপালগঞ্জে মোটর সাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি ও কাশিয়ানী সংবাদদাতা \ গোপালগঞ্জে বাস চাপায় মোটর সাইকেল চালক বিধান বিশ্বাস (২৫) নিহত হয়েছে। এ সময় বাস খাদে পড়ে বাসের ১০ যাত্রী আহত হয়। বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত বিধান জেলার মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের ধীরেন বিশ্বাসের ছেলে। মারাত্মক আহত বাসযাত্রী ২ মহিলাকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা \ মহেশখালীর গোরকঘাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। অগ্নিকাণ্ড থেকে প্রাণ বাঁচাতে এ সময় দিগ্বিদিক ছুটাছুটি করতে গিয়ে শিশুসহ অন্তত ১০ জনেরও অধিক লোক আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মার্কেট ও জলদাশ পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খাগড়াছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের কাউন্সিল
খাগড়াছড়ি প্রতিনিধি \ ‘ভাগ করে শাসক কর নীতির বিরুদ্ধে ছাত্র সমাজ রুখে দাঁড়ান’ এই স্লোগানকে সামনে রেখে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ৪র্থ কাউন্সিল বুধবার খাগড়াছড়ি উপজাতীয় ঠিকাদার সমিতির ভবনে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক হিরোহিত তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক ও পিসিপি’র সাবেক কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুপ্রীম চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিরুপা চাকমা প্রমুখ।
নাঙ্গলকোটে গৃহবধূ হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা\ নাঙ্গলকোটে গৃহবধূ হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার নাঙ্গলকোট-দৌলখাঁড়- বক্সগঞ্জ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীরা জোড্ডা নামক স্থানে সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। গত মঙ্গলবার উপজেলার জোড্ডা গ্রামের বেলাল হোসেনের কন্যা নাজমুননাহারকে উপজেলার দৌলখাঁড় গ্রামে তার স্বামী হারুনুর রশিদের বাড়িতে পিটিয়ে হত্যা করে লাশ বৈদ্যুতিক পাখার সাথে ঝুলিয়ে রাখে।
নাটোরে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভা
নাটোর প্রতিনিধি \ নাটোরে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মাসিক যৌথ সভা মঙ্গলবার সদর উপজেলার মদনহাটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) রত্না আহমেদ।
মদনের উপ-নির্বাচনে শফিক ইউপি সদস্য নির্বাচিত
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ মদন উপজেলার মদন ইউনিয়নের ১নং ওয়ার্ডে মঙ্গলবার উপ-নির্বাচনে সদস্যপদে শফিকুল ইসলাম শফিক নির্বাচিত হয়েছেন।
রামগতিতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১
রামগতি সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার-সোনাপুর সড়কের জসিম মার্কেট এলাকায় বুধবার সকালে যাত্রীবাহী নৈশকোচ ও একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে লাখী বেগম (৪০) নামের এক গৃহবধূ মারা গেছে। এ ঘটনায় অপর ৫ যাত্রী আহত হয়েছেন।
ফুলপুরে ট্রাকের ধাক্কায় কলেজ কর্মচারী নিহত
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা মোড়ে বুধবার হালুয়াঘাটগামী ট্রাকের ধাক্কায় পথচারি ফুলপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত দপ্তরি আব্দুল হামিদ (৭০) নিহত হয়। আব্দুল হামিদ দিউ গ্রামে বসবাস করত। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।
ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ
ঠাকুরগাঁও প্রতিনিধি \ নছিমন, করিমন ও থ্রি হুইলার বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে ধর্মঘট পালন শুরু করে। ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন ও সড়ক সম্পাদক এনতাজুর রহমান জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।
সিরাজগঞ্জের বেলকুচিতে র্যাব পরিচয়ে ডাকাতি
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ বেলকুচি উপজেলার সালদাইর গ্রামে র্যাব পরিচয়ে ৩টি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে ৬টি মোটরসাইকেলযোগে ১৩ জন সংঘবদ্ধ ডাকাত দল সালদাইর গ্রামের গোলাম কিবরিয়া পান্না, আকতার হোসেন ও আমজাদ হোসেন বাবলুর বাড়িতে হামলা দেয়। র্যাবের পোশাক পরিহিত ডাকাতদল তিন বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, ল্যাপটপ কম্পিউটার, মোবাইল সহ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। বেলকুচি থানায় মামলা হয়েছে।
ভালুকায় ৬ টি দোকান ভস্মীভূত
ভালুকা সংবাদদাতা \ ভালুকা উপজেলার মামারিশপুর বাজারে বৃহস্পতিবার ভোর রাতে একটি টেইলার্সের দোকান থেকে সৃষ্ট আগুনে ৬টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। দমকল বাহিনীর একটি দল প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ বড়াইগ্রামে গত বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৪৪) ও আসকান আলী (৫৫) নামে দুজন নিহত হয়েছেন। নিহত আলমগীর বড়াইগ্রামের বাজিতপুর গ্রামের মৃত লালচাঁদের এবং আসকান আলী উপজেলার জালোড়া গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।
ফতুল্লায় রিভলবারসহ দু’জন গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ২৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবারসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার মৃত তালেব হোসেন পুইক্কার ছেলে সোহেল রানা (২২) ও একই এলাকার মৃত মশিদুর রহমানের ছেলে ইউসুফ আলী (৪৫)।
নোয়াখালীতে নবাগত এসপি’র মতবিনিময়
নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক ও সামাজিক বিষয়াদি নিয়ে নবাগত পুলিশ সুপার মো. আনিসুর রহমান পিপিএম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। বুধবার নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. আনিসুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, প্রেসক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, শাহ এমরান সুজন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন পিন্টু, সাংবাদিক রুদ্র মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।
আদিতমারী সোনালী ব্যাংক ভবন স্থানান্তর
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন সোনালী ব্যাংকের অফিস স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার নতুন ব্যাংক ভবন চৌধুরী প্লাজায় আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জোওয়াদুল করিম। বক্তব্য রাখেন ডা. ময়েজ উদ্দিন, ব্যাংক ভবন মালিক ও মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ।
নাগরপুরে মহিলার লাশ উদ্ধার
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নাগরপুর থানা পুলিশ গত বুধবার নাগরপুর উপজেলার ঘুনাপাড়ার ধলেশ্বরী নদীর চর থেকে এক মহিলার লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কামুরিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী মমতাজ বেগমের (৩৫)। মমতাজকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে থানা পুলিশের ধারণা। থানায় মামলা হয়েছে। লাশ বৃহস্পতিবার মর্গে প্রেরণ করেছে।
ঝিনাইদহে চোরসহ ৮টি মোটর সাইকেল উদ্ধার
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহ পুলিশ আন্তঃজেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের দুইজনকে গ্রেফতার ও ৮টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ার গৌতম সরকারের ছেলে প্রহ্লাদ সরকার ও আরাপপুরের আবু বকরের ছেলে বখতিয়ার হোসেন।
ডিমলা হাসপাতালে চিকিত্সার অভাবে রোগীর মৃত্যু
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার অভাবে এক রোগীর মৃত্যু। মঙ্গলবার ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী জামিলা খাতুন অসুস্থ হয়ে পড়লে তাকে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এক ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও বারবার দায়িত্বরত চিকিত্সককে ফোন করেও হাসপাতালে আনা যায়নি। অবশেষে ১২টা ০৫ মিনিটে জামিলার মৃত্যু হলে ডিমলা হাসপাতালের দায়িত্বরত চিকিত্সক সুশান্ত মহাপাত্র উপস্থিত হন। চিকিত্সক এবং রোগীর লোকজনের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে ডিমলা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।