কর্তব্যপরায়ণ সত্যবাদি শ্রমিক আল্লাহর বন্ধু
প্রকাশ : ০২ মে ২০১৩, ২১:০১
মানুষের হালাল জীবিকা উপার্জনের প্রধান উপায় হচ্ছে শ্রম। মানুষের পার্থিব জীবন যাতে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত না হয় সেজন্য ইসলাম পরিশ্রম করাকে উত্সাহিত করেছে, একই সাথে এটিকে ইবাদাত হিসেবেও গণ্য করা হয়েছে। আল কুরআনে বলা হয়েছে, ‘আর মানুষের প্রাপ্য শুধু তা, যার জন্য সে চেষ্টা ও শ্রম করেছে। চেষ্টা ও শ্রম অবশ্যই গুরুত্ব পাবে এবং চেষ্টা ও শ্রমকারীকে তার পূর্ণমাত্রার প্রতিফলন অবশ্যই দেয়া হবে’ [সূরা-আন নজম : ৩৯-৪১]। শ্রমের মাধ্যমে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর তাগিদ দিয়ে আল কুরআনে আরো বলা হয়েছে, ‘আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে।’ [সূরা রা’দ : ১১] আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জনের চেষ্টা করা ফরজ (বায়হাকী)। বর্তমান শ্রমিক দিবসের গোড়ায় রয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের প্রতি নিপীড়ন এবং তত্পরবর্তী রক্তক্ষয়ী শ্রমিক আন্দোলনের বিষয়ে আমরা যতটুকু জানি ইসলাম পূর্বকালীন শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে ততটুকু জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর আবির্ভাবের পূর্বকালে খেটে খাওয়া মানুষের অধিকার ছিল উপেক্ষিত। শ্রমজীবী মানুষ পণ্যদ্রব্যের মতো হাটবাজারে বেচাকেনা হতো। অনেকেরই পায়ে পরিয়ে দেয়া হতো চিরদাসত্বের শিকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমজীবীদের এ করুণ দৃশ্য দেখে মন্তব্য করেছেন— আমি জানি ইসলামের পূর্বে খেটে খাওয়া মানুষের কোন সামাজিক মর্যাদা ছিল না, তাদের পশুর চেয়েও নিকৃষ্ট মনে করা হতো। সে সমাজে ধনী ও নেতারা নিজেদের সব মানসম্মানের মালিক মনে করত। আল্ল¬াহর বান্দারা ভুলে গিয়েছিল, সব মানুষ সমান এবং সব মানুষ ন্যায়বিচার লাভের অধিকারী। তারা ভাবত, অধীনস্থদের জীবনের একমাত্র ব্রত হচ্ছে মালিকের সেবা করা এবং তাদের কৃত সব জুলুম-অত্যাচার সহ্য করা। মালিকের কথা ও কাজের প্রতিবাদ করা ছিল মৃত্যুযোগ্য অপরাধ [কানজুল উম্মাল]। এ তথ্য থেকে বুঝা যায়, মে দিবসের চেতনা শিকাগো শহরে নয় বরং ইসলামের আদর্শ থেকেই নিঃসৃত। ১৮৮৬ সালে শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন গড়ে তোলেন। ওই সময় তাদের নির্দিষ্ট কোন কর্মঘণ্টা ছিল না। নামমাত্র মজুরিতে শ্রমিকরা মালিকের ইচ্ছামতো কাজ করতে বাধ্য হতেন। ১৮৮৬ সালের ৩ মে হে মার্কেটে আহূত ধর্মঘটি শ্রমিক সমাবেশে পুলিশের হামলায় ছয়জন শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে ৪ মে হাজার হাজার শ্রমিক ফেটে পড়ে বিক্ষোভে। সেদিনও পুলিশের গুলিবর্ষণে পাঁচজন শ্রমিক মৃত্যুবরণ করেন। আন্দোলন গড়ে তোলার অপরাধে কয়েকজন শ্রমিককে মৃত্যুদন্ডও দেয়া হয়। এভাবে প্রাণের বিনিময়ে শ্রমিক শ্রেণী কায়েম করে দৈনিক ৮ ঘণ্টা শ্রমের অধিকার। ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ‘পহেলা মে’ আন্তর্জাতিক শ্রমিক ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। নির্দিষ্ট শ্রমঘণ্টার সঙ্গে সঙ্গে বেতন বৈষম্য, ন্যূনতম মজুরি, নিয়োগপত্র প্রদানের মতো বিষয়ও আজ শ্রমিকদের জোরালো দাবিতে পরিণত হয়েছে। এ হচ্ছে বর্তমান কালের শ্রমিক দিবসের সংক্ষিপ্ত ইতিহাস। পৃথিবীর সব দেশেই শ্রমজীবী মানুষ রয়েছে, রয়েছে তাদের জন্য শ্রম আইনও। কিন্তু যারা শ্রমিক শ্রেণীর লোক তারা কি তাদের পূর্ণ অধিকার ভোগ করতে পারছে? সাহস করে এ কথা আজ বলা যায় না- পারছে। একটু সচেতনতার দৃষ্টিতে তাকালেই দেখা যায়- পৃথিবীর সবচেয়ে নির্যাতিত ও বঞ্চিত শ্রেণী হলো শ্রমিক শ্রেণী। শ্রমিক আন্দোলনের ফলে পূর্বের তুলনায় এদের অবস্থা কিছুটা উন্নত হলেও এখনও মানবেতর অবস্থাই তাদের দিন কাটাতে হচ্ছে। কারণ শ্রমিকদের কল্যাণে দেশে দেশে প্রতিনিয়ত আইন তৈরি হচ্ছে ঠিক, কিন্তু সে আইন আলোর মুখ দেখেনি। হয়তো দেখবেও না। কারণ পৃথিবীর যেখানেই আইন তৈরি হয়েছে সেখানেই শাসক গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষা করেই আইন তৈরি করার চেষ্টা করেছেন। ফলে আইনের পোশাক পরে তারা বারবার কেবল ধোঁকাই দিয়ে যাচ্ছেন শ্রমিকদেরকে। শ্রম অধিকারের ব্যাপারে ইসলাম যে রূপরেখা দিয়েছে তা কেয়ামাত পর্যন্ত শ্রেষ্ঠত্বের আসনে থাকবে। আবু হুরায়রা রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘শক্তি-সামর্থ্যের অতিরিক্ত কাজ শ্রমিকদের ওপর চাপাবে না। যদি তার সামর্থ্যের অতিরিক্ত কোন কাজ তাকে দাও তাহলে সে কাজে তাকে সাহায্য কর [সহীহ আলবুখারী, মুসলিম]। ইবনে উমর রাদি আল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মজুরের শরীরের ঘাম শুকাবার আগেই তার মজুরী দিয়ে দেবে। [ইবনে মাজাহ] মজুরের মজুরী নির্ধারণ না করে তাকে কাজে নিযুক্ত করতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন [সহীহ বুখারী] ।