বিনোদন ডেস্ক
এমন সাজে যদি প্রিয়াঙ্কা আপনার সামনেও এসে দাঁড়ায় ঠিক চিনতে পারবেন না। চড়া মেকআপ। সাদা আইল্যাশ। স্টোন টিপ। ঠোঁটের ওপর এবং চোখের নিচেও স্টোন। কানে লম্বা দুল। প্রিয়াঙ্কার অদ্ভুত দর্শন কোঁকড়া উইগ নিয়েও প্রবল আলোচনা হয়েছে। তার ওপর মাথায় ছিল লম্বা মুকুট! ৭২তম মেট গালায় ভিন্নরূপে এভাবেই আবির্ভূত হলেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই তুলনায় স্বাভাবিক দেখাচ্ছিল নিককে।
আন্তর্জাতিক তারকারা তাঁদের ফ্যাশন-নিরীক্ষা চালান মেট গালায়। প্রতিবছর মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসে এই আন্তর্জাতিক ফ্যাশন আসর। সে ধারাবাহিকতায় নিউইয়র্কের মেট্রোপলিটন শিল্প জাদুঘরে বসল ১ বছরের প্রতীক্ষিত এ আসর। বিশ্বজুড়ে এখন তারকাদের পোশাক আর ফ্যাশন সেন্সের এমন আসরেই ‘ভয়াবহ’ রূপে উপস্থিত হয়েছেন তিনি!
আগে থেকেই ভক্তরা অপেক্ষা করছিলেন ভারতে ‘দেশি কন্যা’ খ্যাত প্রিয়াঙ্কা ও নিকের সাজ দেখার জন্য। বিয়ের পর এটাই তাঁদের প্রথম মেট গালা। এবারের মেট গালায় প্রিয়াঙ্কাকে সাজিয়েছিলেন মিমি কাটরেল। ফ্যাশনে তাঁর শ্লোগান ছিল ‘ক্যাম্প: নোটস অন ফ্যাশন’। ফ্যাশন সমালোচকদের দারুণ প্রশংসা পেয়েছেন ৩৬ বছরের এই বলিউড সুন্দরী। তবে এই সাজ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, ‘প্রিয়াঙ্কাকে শ্রীলঙ্কার বোলার মালিঙ্গার মতো দেখতে লাগছে।’ ‘মালিঙ্গাকে কী সুন্দর দেখতে লাগছে’—এমনও কমেন্ট করেছেন কেউ। আবার কেউ মজা করে লিখেছেন, ‘সদ্য ওড়িশা উপকূলে আছড়ে পড়া সাইক্লোন ফণীর দাপটে প্রিয়াঙ্কার এই হাল হয়েছে।’
কিছুদিন আগে ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা। সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়েশা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষদিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর বলিউডে ফিরবেন পিসি। চলতি বছরের ১১ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।