সিরীয় যুদ্ধে জড়ানোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ

সিরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ুক তা চায় না দেশটির অধিকাংশ মানুষ। এক অনলাইন জরিপে এমন তথ্যই উঠে এসেছে। এতে দেখা গেছে, ৬১ শতাংশ মানুষ সিরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ চায় না। বিপরীতে মাত্র ১০ শতাংশ মানুষ সিরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশ নেয়া উচিত বলে মত প্রকাশ করেছে। তবে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে থাকে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে ২৭ শতাংশ মানুষ সিরিয়ায় হামলা চালানোর পক্ষে মত দিলেও ৪৪ শতাংশ মানুষ তার বিপক্ষে মত ব্যক্ত করে। ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন-বিক্ষোভ শুরু হয়ে তা পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। প্রায় দীর্ঘ সময়ে দেশটিতে এই গৃহযুদ্ধে অন্ততপক্ষে ৭০ হাজার মানুষ নিহত হয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত হয়ে শরণার্থীতে পরিণত হয়েছে ১২ লাখেরও বেশি মানুষ। প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়া থেকে বিরত রয়েছেন। যদিও গত বছর তিনি ঘোষণা দিয়েছিলেন, আসাদ সরকার যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার কিংবা বের করে তবে সেটি হবে ‘রেড লাইন’ লঙ্ঘন করা। অর্থাত্ রাসায়নিক অস্ত্র ব্যবহারকে তিনি আসাদ সরকারের সীমা হিসেবে নির্ধারণ করে দিয়েছিলেন। আর এটি অতিক্রম করতে সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে বলে প্রচ্ছন্ন ইঙ্গিতও দিয়েছিলেন।