সংবাদ কণিকা
প্রকাশ : ০২ মে ২০১৩, ২১:০৫
ভারতে কমছে শিশুকন্যার অনুপাত
ভারতে বিগত ১০ বছরে জনসংখ্যা বেড়েছে ১৮ কোটি। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ১২১ কোটি ৫ লাখ। এর মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ৯ কোটি ১২ লাখ। ২০১১ সালের জনগণনায়, সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল, শিশুকন্যার অনুপাত কমে যাওয়া। ১০ বছর আগে ছয় বছরের নিচের এক হাজার পুত্র সন্তানের অনুপাতে কন্যা সন্তানের সংখ্যা ছিল ৯২৭। এখন তা কমে দাঁড়িয়েছে ৯১৯। গ্রাম বা শহর, উভয়ক্ষেত্রেই শিশুকন্যার অনুপাত যথেষ্ট পরিমাণে কমেছে। জনগণনা কমিশনার সি চন্দ্রমৌলি মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেন।—আনন্দবাজার পত্রিকা
নাসার সঙ্গে রাশিয়ার নতুন চুক্তি
মার্কিন সংসদ মহাকাশ অভিযানের জন্য যথেষ্ট অর্থ মঞ্জুর না করায় রাশিয়ার উপর তাদের নির্ভরতা আরও বেড়ে গেছে। ২০১৬ ও ২০১৭ সালে প্রতি মহাকাশচারীর জন্য ৭ কোটি ৭০ হাজার ডলার গুণতে হবে নাসাকে। এই মর্মে তারা রুশ মহাকাশ সংস্থা রসকসমস-এর সঙ্গে ৪২ কোটি ৪০ লাখ ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রশিক্ষণ, উেক্ষপণের প্রস্তুতি, মূল অভিযান, অভিযান শেষে পৃথিবীতে ফেরা এবং প্রয়োজনে উদ্ধারকার্য প্রতিটি ধাপই চুক্তির আওতায় আছে। —ডয়েচে ভেলে
বৃহত্ কম্পিউটারের
বাজার এখন চীন
যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা আইএইচএস-এর প্রতিবেদন অনুসারে ২০১২ সালে সবচেয়ে বেশি পার্সোনাল কম্পিউটার আমদানি করেছে চীন। এর ফলে চীন পরিণত হয়েছে বিশ্বের সর্ববৃহত্ কম্পিউটার বাজারে। এর আগে বিশ্বের সর্ববৃহত্ কম্পিউটার বাজার হিসেবে ধরা হত যুক্তরাষ্ট্রকে। এবার যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে এ স্থানটি দখল করে নিয়েছে চীন। —বিবিসি
মৌমাছির মৃত্যু: নিষিদ্ধ হচ্ছে কীটনাশক
মৌমাছি মারা যায় এমন কীটনাশক ব্যবহারের ওপর বাধা-নিষেধ আরোপ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনে এ সংক্রান্ত একটি প্রস্তাবে ভোটও হয়েছে সোমবার। এতে কীটনাশক নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছে ১৫টি দেশ। কিন্তু এ ভোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে ইইউ কমিশনের নিয়মানুযায়ী, এখন নিওনিকোটিনয়েড জাতীয় কীটনাশক ব্যবহারের ওপর দু’বছরের বাধা-নিষেধ আরোপ হতে পারে। —বিবিসি