ইবিতে আসন ফাঁকা রেখেই ভর্তি প্রক্রিয়া সমাপ্ত
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০১৩, ২১:৫৩
২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তিতে ৯টি আসন ফাঁকা রেখেই ভর্তি প্রক্রিয়া শেষ করে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়েছে ৯ জন মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। আর ভর্তিবঞ্চিত শিক্ষার্থীরা তাদের আর্তি নিয়ে ভিসি ও ছাত্র উপদেষ্টার দ্বারে দ্বারে ঘুরলেও প্রশাসনের কর্তা ব্যক্তিদের আচরণে তারা চরম হতাশ হয়েছেন। মৌলিক অধিকার আদায়ে প্রয়োজনে উচ্চ আদালতে রিট করার ঘোষণা দিয়েছে ভর্তিবঞ্চিত এ সকল শিক্ষার্থী।
জানা যায়- মেধা ও অপেক্ষমাণ হতে ভর্তি শেষে বিভিন্ন বিভাগে মোট ৯টি আসন ফাঁকা থাকলেও গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে ভর্তি প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অথচ এখনো পর্যন্ত আরবী ভাষা ও সাহিত্যে ৫টি, রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগে ১টি, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে ১টি, বাংলায় ১টি এবং আইন ও শরিয়াহ অনুষদভুক্ত আল-ফিকহ্ বিভাগে ১টি আসন খালি রয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভর্তিবঞ্চিত ৯ জন শিক্ষার্থী।
এদিকে ভর্তিবঞ্চিত শিক্ষার্থীরা খালি আসনে ভর্তির দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বরাবর স্মারকলিপি প্রদান করতে গেলে তাদেরকে বহিরাগত আখ্যা দিয়ে স্মারকলিপি প্রদানে বাধা দেয়া হয়। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে ক্ষুব্ধ ভর্তিবঞ্চিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সাংবাদিকদের কাছে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় ভর্তিবঞ্চিত ছাত্ররা ক্ষোভ প্রকাশ করে বলেন-‘ভর্তি পরীক্ষার রেজাল্ট হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার প্রহর গুনছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সিদ্ধান্ত আমাদের জীবনকে লণ্ডভণ্ড করে দিয়েছে। সকাল থেকে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ভিসি অফিসের কর্মকর্তারা আমাদেরকে কোন পাত্তা দেননি। প্রশাসনের সিদ্ধান্তে আমাদের মৌলিক ও মানবাধিকার ক্ষুণ্ন হয়েছে। প্রয়োজনে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে রিট করবো।’
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন এবং রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন-‘দেশে চাহিদার তুলনায় উচ্চ শিক্ষাঙ্গনে আসনসংখ্যা খুবই সীমিত। অথচ ভর্তি কমিটি আমাদের মতামতকে অগ্রাহ্য করে ফাঁকা আসনে ভর্তি না করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি।
এ ব্যাপারে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইকবাল হোছাইন বলেন-‘প্রশাসনের সিদ্ধান্তটি যৌক্তিক হয়নি। আমরা শূন্য আসনে অতিদ্রুত ভর্তির ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।’
কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন-‘ভর্তি কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। খালি আসনে ভর্তির ব্যাপারে জানতে চাইলে তিনি এ ব্যাপারে খোঁজ-খবর নিবেন বলে জানান।