মুন্সীগঞ্জ কসবা ও সিরাজগঞ্জে তরুণীসহ নিহত ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে বাস দুর্ঘটনায় তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে ফরিদপুরের আটরশি থেকে কুমিল্লাগামী হাজী পরিবহনের রিজার্ভ বাসটি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও দুই যাত্রী নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও কসবা সংবাদদাতা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের মকিমপুর নামক স্থানে কুমিল্লা অভিমুখী যাত্রীবাহী বাস সুগন্ধার সাথে একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এইচ.এস.সি. পরীক্ষার্থী ফাতেমা আক্তার (১৮) ও অটোরিক্সা চালক (২৫) মারা যান। এ সময় অটোরিক্সায় থাকা আরও ৩ যাত্রী আকলিমা আক্তার আঁখি, রোকসানা আক্তার ও রাবেয়া আক্তার গুরুতর আহত হন। আহতদের কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের ষোলমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে মুরগী খাদ্য বোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে ষোলমাইল নামক স্থানে বিপরীতগামী একটি পিকআপ ভ্যানের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপার মইনাল সেখ নিহত হয়। এব্যাপারে হাইওয়ে থানায় মামলা হয়েছে। সৌদী আরবে দুর্ঘটনায় মঠবাড়িয়ার সাংবাদিক নিহত মঠবাড়িয়া সংবাদদাতা জানান, দৈনিক আমার দেশ ও মানবজমিন পত্রিকার সাবেক মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক মঠবাড়িয়ার খবরের প্রকাশক ইব্রাহিম খলিল মন্টু (৩৫) আর নেই। তিনি গত বুধবার রাতে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মন্টু উপজেলার দক্ষিণ সাপলেজা গ্রামের ব্যবসায়ী মোঃ ইসাহাক আলী পঞ্চায়েতের বড় ছেলে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। জানা গেছে, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম খলিল মন্টু সৌদি আরবের এ্যারাবিয়ান কনট্রাক্টর কোম্পানি লিমিটেডে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। বুধবার রাতে সৌদি আরবের দাম্মাম শহর থেকে রিয়াদ আসার পথে তার গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ইব্রাহিম খলিল ও তার গাড়ি চালক আবুল হাসান দু’জনেই ঘটনাস্থলে নিহত হন। সাংবাদিক মন্টুর অকাল মৃত্যুতে মঠবাড়িয়া প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ক্লাব ও সাপ্তাহিক মঠবাড়িয়ার খবর পরিবার গভীর শোক প্রকাশ করে এবং শোক সভা ও শোক মিছিলসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে।