রাজশাহীতে ফাটল ধরা আরডিএ মার্কেট খুলে দেয়ার সিদ্ধান্ত

মহানগরীর সাহেব বাজারের সবচেয়ে বড় বিপণীকেন্দ্র আরডিএ মার্কেট খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। গত ২৪ এপ্রিল মার্কেটের উত্তর-পূর্ব কোণার দেয়াল ও পিলারে ফাটল দেখা দেয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনের পর রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও সদর আসনের সাংসদের নির্দেশে মার্কেটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। এদিকে গত বুধবার মে দিবসের ছুটির মধ্যে দোকান মালিকরা আরডিএ মার্কেট অবিলম্বে খুলে দেয়ার দাবিতে আরডিএ ভবন ও নগরভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করলে গতকাল বৃহস্পতিবার রাসিক, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরের এক সমন্বয় সভায় আপাতত আরডিএ মার্কেট নিয়ন্ত্রিতভাবে খুলে দেয়ার এবং চতুর্থ তলার চলমান নির্মাণ বন্ধ ও নির্মিত চতুর্থ তলার অবকাঠামো অপসারণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও মার্কেটের মধ্যে অবস্থিত গোডাউনসমূহ স্থানান্তর করার জন্য সংশ্লিষ্ট মালিকদের প্রতি আহবান জানানো হয়। সভায় আরডিএ মার্কেটের বর্তমান অবকাঠামোগত অবস্থা অবলোকনের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়।