প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন
দুই সচিবকে হাক্কানীর আইনজীবীর নোটিস
প্রকাশ : ০২ মে ২০১৩, ২১:৫৪
২৪ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে তথ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন ও যুগ্ম-সচিব আবুল হোসেনকে গত রবিবার উকিল নোটিস দিয়েছেন হাক্কানী পাবলিকেশন্সের আইনজীবী মনজিল মোরসেদ। নোটিস অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করলে তাদেরকে অপসারণে আইনগত পদেক্ষপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মনজিল মোরসেদ বলেন, প্রধানমন্ত্রী ২০০৯ সালের ৯ জুলাই লিখিতভাবে ১৫ খণ্ডের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে বলেন; কিন্তু হাক্কানী পাবলিকেশন্সের প্রকাশিত এ দলিলপত্র বিতরণে তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েত উল্লাহ আল মামুন ও যুগ্ম-সচিব আবুল হোসেন নানাভাবে বাধা দেন। এরপর ২০১১ সালে পাবলিকেশন্সের মালিক হাইকোর্টে রিট করেন। সম্প্রতি ওই রিটের রায় হাক্কানী পাবলিকেশন্সের পক্ষে এসেছে। প্রধানমন্ত্রী গত ৩ এপ্রিল উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে ওই দলিলপত্র বিতরণে পুনরায় আদেশ দেন। তারা এ নির্দেশ বাস্তবায়ন না করে হাইকোর্টে এ রিটের বিপক্ষে অবস্থান নিয়ে হলফনামা জমা দেন। -প্রেস বিজ্ঞপ্তি