সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিতে হবে বিএসএমএমইউ’র চিকিত্সা-শিক্ষা-গবেষণার কাজ

সাভারে ভবন ধসের ঘটনায় নিহতদের প্রতি শোক ও আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে অনাড়ম্বরভাবে উদযাপিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস। ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমএ্যান্ড আর)কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং সাভারের মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, প্রো-ভাইস চ্যান্সেল (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, শিশু কিডনী বিভাগের অধ্যাপক ও শিশু কিডনী সোসাইটি অব বাংলাদেশ-এর (পিএনএসবি) সভাপতি এবং বিএসএমএমইউর সাবেক কোষাধ্যক্ষ ডা. মো. মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এ্যান্ড সার্জনস-এর (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. এস. এ. এম গোলাম কিবরিয়া। সমাবেশ পরিচালনা করেন চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চিকিত্সা সেবা, চিকিত্সা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরো এগিয়ে নিতে হবে। তিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের কথা শ্রদ্ধার সাথে উল্লেখ করেন। তিনি আরো বলেন, দেশীয় চিকিত্সা ব্যবস্থার প্রতি জনগণকে আরো স্থাশীল করার উদ্দেশ্যে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে আধুনিক সকল চিকিত্সা সুবিধাদি সংবলিত পূর্ণাঙ্গ ইমার্জেন্সী কমপ্লেক্স, আউটডোর কমপ্লেক্স, অপারেশন থিয়েটার কমপ্লেক্স, নার্সিং অনুষদ প্রতিষ্ঠা, আন্তর্জাতিক মানসম্মত মেডিক্যাল কনভেনশন সেন্টার, বিভিন্ন রকমের গবেষণা পরিচালনার জন্য স্বতন্ত্র ল্যাবটেরী ভবনসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তরকরণের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। -প্রেস বিজ্ঞপ্তি