মেয়র পদে লিটন-মিনুই প্রার্থী হচ্ছেন বড় দুই জোটের!

তফসিল ঘোষণার পর রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। ইতিমধ্যে বিভিন্ন কৌশলে সম্ভাব্য মেয়র-কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণের ইঁদুর-দৌড়ে সামিল হয়েছেন। অনেকে রঙিন পোষ্টার সাঁটিয়ে অঘোষিতভাবে নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন। তবে রাসিক মেয়র পদে বড় দুই প্রধান জোট থেকে দুই হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস পাওয়া গেছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট থেকে সাবেক মেয়র মিজানুর রহমান মিনুই মেয়র প্রার্থী হচ্ছেন বলে তাদের ঘনিষ্ঠ ও দলীয় সূত্রে জানা গেছে। অবশ্য স্থানীয় আওয়ামী লীগ ইতিমধ্যে বর্তমান মেয়র খায়রুজ্জামান লিটনকে দলীয় মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে। লিটন নিজেও বিভিন্ন সভা-সমাবেশে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে তাকে আরেকবার সুযোগদানের জন্য ভোটারদের অনুরোধ জানাচ্ছেন। এ ব্যাপারে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শফিকুর রহমান বাদশা বলেন, খায়রুজ্জামান লিটনকে প্রাথমিকভাবে ১৪ দলীয় জোটের মেয়র প্রার্থী করা হলেও শেষ পর্যন্ত তিনিই মহাজোটের একক মেয়র প্রার্থী হতে পারেন। এ বিষয়ে মহাজোট শরীকদের সঙ্গে আলোচনা চলছে। স্থানীয় শরীক দলগুলো মেয়র পদে কাউকে প্রার্থী করবে না বলে জানিয়েছে। অন্যদিকে ১৮ দলীয় জোট থেকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি সাবেক মেয়র মিজানুর রহমান মিনু মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুত বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তবে মিনু ইত্তেফাককে বলেন, বিষয়টি দলের হাইকমান্ডের উপর নির্ভর করছে। কারণ দলীয় হাইকমান্ড থেকে প্রার্থী করা হলেই তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির সূত্রগুলো জানিয়েছে, সিটি কর্পোরেশনের নির্বাচন স্থানীয় ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ। এ কারণে দীর্ঘ ১৭ বছর সফলভাবে রাসিক মেয়রের দায়িত্ব পালনকারী বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিনু আবারো মেয়র প্রার্থী হতে আগ্রহী। তফসিল ঘোষণার পর দলের স্থানীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে বৈঠক করেছেন। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ না দিতে তারা সকলে একমত হয়েছেন। এক্ষেত্রে প্রাথমিক আলোচনায় মিনুকেই মেয়র প্রার্থী হিসাবে পছন্দের শীর্ষে রাখা হয়েছে। প্রসঙ্গত, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে ১৮ দলীয় জোট আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে ইতিপূর্বে ঘোষণা দিয়েছে। তবে সেই সিদ্ধান্ত রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কার্যকর হবে না বলেই আশা করছেন দলটির তৃণমূল নেতৃবৃন্দ । এ ব্যাপারে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, স্থানীয় বিএনপি রাসিক নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রস্তুতি নিয়ে রেখেছে। হাইকমান্ড চাইলে দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনুই ১৮ দলীয় জোটের মেয়র প্রার্থী হবেন। এছাড়া কাউন্সিলর পদেও এবার দলীয়ভাবে মনোনয়ন দেয়া হবে। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তার বিষয়ে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে। আর আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ না দিতে তারা একাট্টা বলেও তিনি জানান । এদিকে বিএনপির অন্য সূত্রগুলোর দাবি, বিএনপি দলীয়ভাবে অংশগ্রহণ না করলেও দলের কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র প্রার্থী হবেন। বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপি চারটি সিটি কর্পোরেশনের নির্বাচন বর্জন করেছিল। তখন রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। এ কারণে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণের আগ্রহ রয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বুলবুল বলেন, তার প্রার্থী হওয়া-না হওয়ার বিষয়টি দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন রাজশাহীসহ চার সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১২ মে’র মধ্যে মনোনয়নপত্র দাখিল, ১৫-১৬ মে যাচাই-বাছাই ও ২৬ মে’র মধ্যে প্রার্থিতা প্রত্যাহার এবং ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।