মাঠে বড় দুই দলের সম্ভাব্য প্রার্থীরা

সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পাল্টে গেছে দেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনার রাজনৈতিক প্রেক্ষাপট। আগামী ১৫ জুনের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তোড়জোড় শুরু করেছেন। এখন নির্বাচনী কৌশল ঠিক করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে আওয়ামী লীগসহ ১৪ দল। অপরদিকে কোনভাবেই আর মেয়র পদটি হাতছাড়া করতে রাজি নয় বিএনপিসহ ১৮ দলীয় জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার জনসভায় বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেককে সিটি কর্পোরেশনের আগামী মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা দেয়ার পর থেকেই তিনি নির্বাচনের মাঠে নেমেছেন। গতকাল বৃহস্পতিবার কেসিসি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরুর প্রথম দিনেই তিনি মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। মহানগর আওয়ামী লীগের একটি সূত্র জানায়, তালুকদার আব্দুল খালেক আগামী ১৫ জুনের সিটি কর্পোরেশন নির্বাচনে ‘সম্মিলিত নাগরিক সমাজ’ এর পক্ষ থেকে মেয়র পদে লড়বেন। চলতি সপ্তাহে সম্মিলিত নাগরিক সমাজের প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হতে পারে। গত নির্বাচনে তিনি ওই ব্যানারে নির্বাচিত হয়েছিলেন। আজ শুক্রবার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এই সভায় আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করা হবে। এদিকে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসাবে তিনজনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। এরা হচ্ছেন- সাবেক ভারপ্রাপ্ত মেয়র মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সিনিয়র সহসভাপতি শাহারুজ্জামান মোর্ত্তজা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তবে মেয়র পদটি দখলে নিতে শেষ পর্যন্ত মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকেও মেয়র পদে প্রার্থী করা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে দলীয় প্রার্থী হিসাবে অন্যদের তুলনায় মনিরুজ্জামান মনি অনেকটাই এগিয়ে আছেন। গত নির্বাচনে তিনি ‘আনারস’ প্রতীক নিয়ে লক্ষাধিক ভোট পেয়েছিলেন। পাশাপাশি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা গত রোজার ঈদ থেকে নগরীতে প্যানা, পোস্টার, ব্যানার লাগিয়ে জানান দিয়েছেন তিনিও সম্ভাব্য মেয়র প্রার্থী। এখন শুধু দলের সিদ্ধান্তের অপেক্ষা। মনিরুজ্জামান মনি বলেন, কেসিসি নির্বাচনে আমাকেই দলীয় প্রার্থী করা হবে। এদিকে মেয়র প্রার্থীদের পাশাপাশি সম্ভাব্য কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরাও নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত ৭টি ওয়ার্ডে ৭ জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।