অভয়নগরে আওয়ামী লীগ নেতা নিখোঁজ
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:১০
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সার ব্যবসায়ী ফরিদ হোসেন নিখোঁজ হয়েছেন। তার খোঁজ গত মঙ্গলবার রাত ১২টার পর থেকে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবার জানিয়েছে। এ ঘটনায় নিখোঁজ পিতা ওসমান মোল্যা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এদিকে নিখোঁজ ফরিদের মোবাইলে কললিস্ট পর্যালোচনা করে পুলিশ গত বুধবার এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নওয়াপাড়ার জগবাবুর মোড় এলাকার ফজলুর রহমানের ছেলে মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছেন। অভয়নগর থানার ওসি কাজী আব্দুস ছালেক বলেন, আমরা ধারণা করছি—আওয়ামী লীগ নেতা ফরিদ হোসেনকে কারা অপহরণ করেছে। মিজানুর রহমান নামে এক যুবককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু তথ্য পাওয়া গেছে।
নিখোঁজ ফরিদের পরিবার জানায়, স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাবের নওয়াপাড়াস্থ বাসভবন থেকে গত মঙ্গলবার রাতে বের হয়ে নওয়াপাড়া স্টেশন বাজারস্থ ফরিদ নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা হয়। নওয়াপাড়া স্টেশন বাজারে আনোয়ারের হোটেলে কিছু সময় অপেক্ষা করার পর তার মোবাইলে একটি ফোন আসে। মোবাইলে কথা বলতে বলতে মহাসড়কের দিকে এগিয়ে আসার পর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।