অবশেষে পাকিস্তানের হাসপাতালে মারা গেলেন সরবজিত্

পাকিস্তানের কারাগারে বন্দীদের হামলার শিকার ভারতীয় নাগরিক সরবজিত্ সিং মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান সরবজিত্। তার মৃত্যুতে ভারতে নিন্দার ঝড় উঠেছে। সরকার এবং বিরোধী দলসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এ বিষয়ে পাকিস্তানকে কড়া জবাব দেয়ারও আহবান জানিয়েছেন। এ ঘটনায় দেশ দুটির সম্পর্কে আবারো টানা পোড়েন সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। -খবর টাইমস অব ইন্ডিয়ার। পাকিস্তানের লাহোরে জিন্নাহ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যান সরবজিত্। প্রধানমন্ত্রী মনমোহন সিং সরবজিেক ‘ভারতের সাহসী পুত্র’ উল্লেখ করে তার ওপর হামলাকারীদের বিচার দাবি করেছেন। বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা কমানোর দাবি জানিয়েছেন। সরবজিতের বোন দালবির কাউর রাজনৈতিক দলসহ সকলকে এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহবান জানিয়েছেন। তিনি সরবজিেক ‘বীর’ হিসেবেও আখ্যায়িত করার দাবি জানিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, পাকিস্তানের সঙ্গে আগামী দিনের সম্পর্ক কেমন হবে তা এখন ভেবে দেখতে হবে। তিনি বলেন, পাকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা উচিত। যতদিন পাকিস্তান নিশ্চয়তা না দেবে যে, তাদের ভূখণ্ডে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হবে না এবং সেই দেশের কারাগারে ভারতীয় বন্দীরা নিরাপদ থাকবে ততদিন পর্যন্ত এ অবস্থা থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে এবং কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী সরবজিতের পরিবারের সঙ্গে দেখা করেছেন। গতকাল রাতে সরবজিতের মৃতদেহ একটি বিশেষ বিমানে তার নিজ প্রদেশ পাঞ্জাবে আনা হয়। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গত ২৬ এপ্রিল লাহোরের কারাগারে দুই বন্দীর হামলায় মারাত্মক আহত হন সরবজিত্। পরে তাকে হাসাপাতালে ভর্তি করা হয়। তার ওপর হামলাকারী দুইজনকে অভিযুক্ত করেছে বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ। ১৯৯১ সালে পাকিস্তানে গ্রেফতার হন ভারতীয় নাগরিক সরবজিত্। ভারতের হয়ে গোয়েন্দাগিরি এবং বোমা হামলা চালানোর অভিযোগে তার মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের একটি আদালত। পরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অনুরোধে পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তার মৃত্যুদণ্ড স্থগিত করেন।