নতুন দলগুলোর অস্তিত্বের খোঁজে মাঠে নামছে ইসি
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:১২
নিবন্ধনের জন্য আবেদন করা রাজনৈতিক দলের অস্তিত্বের খোঁজে মাঠে নামছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনে জমা দেয়া দলগুলোর সাংগঠনিক কাঠামোর রূপরেখাও অনুসন্ধান করা হবে। এ জন্য মাঠ পর্যায়ের জেলা ও উপজেলা কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হচ্ছে। কোন দল নিবন্ধন পেতে তাত্ক্ষণিকভাবে অফিস ভাড়া নিয়েছে কি না, সংশ্লিষ্ট জেলায় ঐ দলের রাজনৈতিক তত্পরতা আছে কি না তা একাধিকবার অনুসন্ধান করা হবে। তদন্ত শেষে নতুন দল নিবন্ধন দেবে কমিশন।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, আবেদন করা ৪৩টি দলের আবেদনপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। সম্প্রতি কমিশনে দলগুলোর মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করা হয়। আগামী সভায় এ বিষয়ে সিদ্ধান্তের পর মাঠ পর্যায়ের তদন্ত শুরু করা হবে।
কমিশনের যুগ্ম সচিব (আইন) এর নেতৃত্বে ৫ সদস্যর বাছাই কমিটি নিবন্ধনের জন্য রাজনৈতিক দলের আবেদনগুলো যাচাই-বাছাই শুরু করেছে। তবে আবেদনপত্র যাচাই-বাছাইয়ে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য দলগুলোর ব্যাপারেই মাঠ পর্যায়ে তদন্ত করা হবে। ইতিমধ্যে ঐ কমিটির প্রথম সভায় ১০টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৩টি দলের আবেদনপত্র প্রাথমিকভাবে গৃহীত হয়েছে। এই দলগুলো হলো-বাংলাদেশ নিউ সংসদ লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। তদন্ত কমিটি এই তিনটি দলের সাংগঠনিক কাঠামো অনুসন্ধানের জন্য কমিশনে সুপারিশ করেছে। বাকি ৩৩ দলের কাগজপত্র যাচাই করে মে’র প্রথমার্ধেই মূল্যায়ন প্রতিবেদন দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে বৈধ নির্বাচিত দলগুলোর ব্যাপারেও একই ধরনের সুপারিশ থাকছে বলে জানান কমিটির এক সদস্য। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, মে মাসের শেষের দিকে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য দলগুলোর মাঠ পর্যায়ের অফিসের অস্তিত্ব আছে কি না সে ব্যাপারে খোঁজ শুরু করা হবে। তার প্রতিবেদনের ভিত্তিতেই দলগুলোর নিবন্ধন দেবে কমিশন।
গত বছরের ২৩ অক্টোবর জারিকৃত গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রাথমিক শর্ত পূরণের পর গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০ (বি) ধারা অনুযায়ী ইসিতে নিবন্ধন পেতে হলে দলের নিজস্ব কার্যালয়সহ একটি কেন্দ্রীয় কমিটি, অন্তত ২১ জেলা ও ১০০ উপজেলা কমিটি থাকতে হবে। এসব অফিস কতদিন থেকে ভাড়া নেয়া হয়েছে তা জানাতে মাঠ কর্মকর্তাদের একটি নির্দিষ্ট ফরম পাঠানো হচ্ছে। এছাড়া প্রত্যেক কমিটির ২০০ ভোটার সমর্থক থাকতে হবে এবং প্রত্যেক কমিটি হতে হবে নির্বাচিত। কমিশনের নতুন দলগুলো যে সদস্যের তালিকা জমা দিয়েছে তারা আসলেই ঐ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না তা যাচাইয়েও মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হচ্ছে।
ইসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধীকরণের উদ্দেশ্যে কোনো রাজনৈতিক দলকে আবেদনের সঙ্গে (ক) দলের নাম ও প্রধান কার্যালয়ের ঠিকানা; (খ) দলের গঠনতন্ত্র (গ) দলের নির্বাচনী ইস্তেহার, যদি থাকে (ঘ) দলের বিধিমালা, যদি থাকে (ঙ) দলের লোগো এবং পতাকার ছবি (চ) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা সমমানের কমিটির সব সদস্যের নাম এবং পদবী (ছ) দলের নামে রক্ষিত ব্যাংকের নাম, একাউন্ট নম্বর ও সর্বশেষ স্থিতি (জ) দলের তহবিলের উেসর বিবরণ (ঝ) দলের নিবন্ধনের আবেদন করার জন্য ক্ষমতা প্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র (ঞ) নিবন্ধন ফি বাবদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয় বরাবরে জমাকৃত অফেরতযোগ্য টাকার ট্রেজারি চালানের কপি ইত্যাদি জমা দিতে হবে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হয়।
এবার কমিশনের নিবন্ধন শাখা থেকে বলা হচ্ছে, একটি শর্ত বাদ পড়লে কোন দলকে এবার নিবন্ধন দেয়া হবে না। কারণ ২০০৮ সালে বেশ কিছু নাম সর্বস্ব দল নিবন্ধিত হয়েছে। নিয়ম-নীতি না মানলেও সহজেই এদের নিবন্ধন বাতিল করতে পারছে না ইসি। এ জন্য এবার নিবন্ধন দেয়ার আগে থেকেই সতর্ক অবস্থান নিয়েছে ইসি। যাতে কোন নাম সর্বস্ব দল নিবন্ধিত হতে না পারে।
উল্লেখ্য, নবম সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করেছিল নির্বাচন কমিশন। সর্বপ্রথম ২০০৮ সালের ১৫ অক্টোবর নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ঐ সময় ১১৭টি দল আবেদন করে এবং পরে খসড়া গঠনতন্ত্র জমা দিয়ে ৩৯টি দল নিবন্ধিত হয়। সংশোধিত গঠনতন্ত্র জমা না দেয়ায় ফ্রীডম পার্টির নিবন্ধন বাতিল করে কমিশন। গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ, ২০০৮ এর বিধান অনুযায়ী বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৮টি। আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মনোনীত কিংবা স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।