ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গণজাগরণ মঞ্চের আহ্বান

সাভার ট্রাজেডিতে আহত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে দেশের বিত্তশালীদের প্রতি আহবান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। ভুক্তভোগীদের জন্য সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন এবং সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানানো হয়। একইসাথে সাভার ট্রাজেডিকে ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে গণজাগরণ মঞ্চ। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে প্রজন্ম চত্বরে নাগরিক শোক সমাবেশে বক্তারা এ দাবিও আহবান জানান। পূর্ব নির্ধারিত শ্রমিক সমাবেশের পরিবর্তে গণজাগরণ মঞ্চ এ শোক সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাতির বক্তব্যে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, আমরা শুরু থেকেই সাভার ট্রাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে ছিলাম। ঘটনার প্রথমদিনে এক হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। দুই দিনে তা দেড় হাজার ব্যাগে দাঁড়ায়। আরো পাঁচ হাজার ব্যাগ রক্তদাতার ডাটা ব্যাংক তৈরি করা হয়। সমাবেশে উদীচীর সভাপতি কামাল লোহানি বলেন, সাভারের ঘটনায় রাষ্ট্র, সরকার এবং মালিক পক্ষ সবাই দায়ী। তবে মালিক পক্ষের দায় সবচেয়ে বেশি। শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এ ধরনের ঘটনা রোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, ৫ মে’র পর সরকারের পতন ঘটানো হবে, এই ঘোষণা দেয়ার পর শফী কোনোভাবেই বাইরে থাকতে পারেন না। এটা রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, দেড় কোটি তরুণ ভোটারের কথা মাথায় রেখে সরকারকে বলবো আপসের পথ পরিহার করুন। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজিবুজ্জামান রতন বলেন, শ্রমিকদের আন্দোলন আর মৌলবাদ বিরোধী আন্দোলন একাকার হয়ে গেছে। লেখক আনোয়ারা সৈয়দ হক বলেন, সাভার দুর্ঘটনা গোটা জাতিকে শোকে স্তব্ধ করেছে। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ সাভার ট্রাজেডিকে মে দিবসের ইতিহাসের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন। শ্রমিক নেতা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ভোটাধিকার প্রয়োগের মতোই ট্রেড ইউনিয়ন শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার। শ্রমিক যদি অধিকার না পায় তাহলে উত্পাদন দিয়ে কি লাভ? সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।