সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:১২
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, যে যাই বলুক, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি, সকল দল এ নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রকে সমুন্নত রাখবে। তিনি বলেন, সাভার ট্র্যাজেডি নিয়ে রাজনীতি করার কোন সুযোগ নেই। যারা এ নৃশংস কাজের সাথে জড়িত, তাদের গ্রেফতার করা হয়েছে। সরকার তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। সেনাবাহিনীসহ সকল সংস্থা ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষ জীবন বাজি রেখে যেভাবে উদ্ধার কাজে অংশ নিয়েছে তা নজিরবিহীন। তিনি মহান মে দিবসে শ্রমিকদের কল্যাণে কাজ করা এবং শ্রমিকদেরকে গণতন্ত্র রক্ষা ও শান্তি-শৃংখলা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন, ভোলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা হবে। অচিরেই ভোলায় ২২৫ মেগাওয়াট বিদ্যুত্ স্থাপন করে ভোলাকে শিল্প নগরীতে রূপান্তরিত করা হবে।
তিনি বুধবার মহান মে দিবস উপলক্ষে ভোলা শহরস্থ বাংলা স্কুল মাঠে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন। পরে তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলা শহর প্রদক্ষিণ করে। সমাবেশে জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মোমিন টুলু, নজরুল ইসলাম গোলদার, শ্রমিক লীগ আহবায়ক শাহে আলমসহ জেলা আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন