পশ্চিমবঙ্গের সারদা গোষ্ঠীতে কালো টাকা রাখতো সুব্রত বাইন

পশ্চিমবঙ্গের কয়েক লাখ মানুষের হাজার কোটি রুপির বেশি আমানত তছরুপকারী বেসরকারি আর্থিক ফান্ড সারদা গোষ্ঠীতে টাকা রাখত বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও শাহাদাত। সেখানে টাকা রাখত পশ্চিমবঙ্গ, বিহার ও আসামের কয়লা মাফিয়ারাও। গ্রেফতার সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে জেরা করে এমন তথ্য পেয়ে নড়েচড়ে বসেছেন কলকাতার গোয়েন্দারা। শুরু হয়েছে তদন্ত। গোয়েন্দা সূত্রে খবর, কালো টাকা নিরাপদে রাখতে সারদা গোষ্ঠীকে বেছে নিয়েছিল ভারতের কয়লা মাফিয়ারা। নেপালে থাকার সময় কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের সারদার কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে পরিচয় হয় সুব্রত বাইনের। সেই সময় সারদা গোষ্ঠী নেপালে ব্যবসা বাড়ানোর চেষ্টা করছিল। কয়লা মাফিয়াদের একটি গোষ্ঠী সুব্রত বাইনকে নিশ্চয়তা দেয়ায় বাংলাদেশের ব্যবসায়ীদের হত্যার ভয় দেখিয়ে চাঁদাবাজির টাকা পশ্চিমবঙ্গে এনে সারদায় আমানত করা হয়। একইভাবে কলকাতার পোর্ট এলাকায় আত্মগোপন করে থাকা বাংলাদেশের আরেক শীর্ষ সন্ত্রাসী শাহাদাতও ঢাকায় চাঁদাবাজির টাকা হুন্ডি মারফত এনে সারদা গোষ্ঠীতে আমানত করত। গোয়েন্দা সূত্রে খবর, গত কয়েক বছর ধরে ঢাকার ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদাবাজি করা হচ্ছিলো। সেই টাকা সীমান্তের হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে চলে আসতো কলকাতায়। নিরাপদে সারদায় গচ্ছিত থাকত। গোয়েন্দা সূত্রে খবর, পশ্চিমবঙ্গের সারদা গোষ্ঠী ছাড়াও অন্য জায়গায় আরও টাকা রয়েছে সুব্রত বাইনের। পশ্চিমবঙ্গের জেলে রয়েছে সুব্রত বাইন। তার বিরুদ্ধে আদালতে মামলা চলছে।