মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বুদ্ধিজীবী হত্যাসহ মুক্তিযুদ্ধকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার জন্য তত্কালীন আল-বদরের দুই সদস্য চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ কর্তৃপক্ষকে আগামী ১২ মে’র মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গত ২৫ এপ্রিল রাষ্ট্রপক্ষ মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এতে দুইজনের বিরুদ্ধে ১৬টি অভিযোগ আনা হয়। ঐদিন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান। এ বিষয়ে ট্রাইব্যুনাল জানান, রাষ্ট্রপক্ষের অভিযোগপত্র যাচাই-বাছাই করা হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হবে কি না সে বিষয়ে ২ মে আদেশ দেয়া হবে। চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান বর্তমানে পলাতক রয়েছেন। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী মুঈনুদ্দিন বর্তমানে যুক্তরাজ্যে একটি দাতব্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। যুদ্ধাপরাধের তদন্ত সংস্থার সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধকালে চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খান আলবদর বাহিনীর অন্যতম নেতা ছিলেন। ১৯৭১ সালের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশের বুদ্ধিজীবী হত্যার যে ষড়যন্ত্র করা হয়েছিলো আলবদর বাহিনীর সদস্যরা তার বাস্তবায়ন করে। তখন চৌধুরী মুঈনুদ্দিন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’ আর আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর’। তাদের বিরুদ্ধে ১৮ বুদ্ধিজীবীকে হত্যার অভিযোগ খুঁজে পায় তদন্ত সংস্থা। এদের মধ্যে নয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছয়জন সাংবাদিক ও তিনজন চিকিত্সক রয়েছেন। তবে রাষ্ট্রপক্ষ দুটি অভিযোগ কমিয়ে ১৬টি অভিযোগ দাখিল করেছে। সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে বক্তব্য নেই রাষ্ট্রপক্ষের সাক্ষীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ৩২তম সাক্ষী বাসন্তী ঘোষ। তবে জবানবন্দিতে বিএনপি নেতার বিরুদ্ধে কোনো কথা বলেননি তিনি। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ গতকাল দেয়া জবানবন্দিতে চট্টগ্রামের রাউজান থানার বাসিন্দা বাসন্তী জানান, ১৯৭১ সালে তার বয়স ছিল ২৫ বছর। মুক্তিযুদ্ধকালীন তার স্বামী একদিন বাজার করে বাড়িতে আসছিল তখন একজন মিলিটারি ও একজন বাঙালি বাড়িতে এসে তার স্বামীকে জাপটে ধরে। তিনি বলেন, তখন আমি আমার স্বামীকে জাপটে ধরেছিলাম। মিলিটারি আমাকেও মারে। তারা আমার স্বামীকে ক্ষিতিশ মহাজনের বাড়িতে নিয়ে লাইনে দাঁড় করিয়ে অনেক লোকজনের সঙ্গে হত্যা করে। দুইদিন পর আমার স্বামীর ভাই লাশ বাড়িতে নিয়ে আসে। ক্ষিতিশ মহাজনের বাড়িতে নির্মাণকৃত স্মৃতিসৌধে আমার স্বামীর নাম আছে। জবানবন্দি শেষে তাকে জেরা করেনি আসামিপক্ষ। মামলার কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এদিকে একই ট্রাইব্যুনালে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মো. শাহজাহান আলীকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। জেরা শেষে মামলার কার্যক্রম আগামী ১২ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে।