রাজশাহীতে গ্রীষ্মের তীব্র দাবদাহে অসহনীয় জনজীবন
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:১৪
রাজশাহীতে গ্রীষ্মের তীব্র তাপদাহে জনজীবন অসহনীয় হয়ে ওঠেছে। গরম বাতাস শরীরে বিঁধছে আগুনের হলকার মতো। প্রখর রোদে মাটি ফেটে চৌঁচির হয়ে গেছে। তাপদাহের সঙ্গে মহানগরীতে চলছে তীব্র পানি সংকট। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ইতিমধ্যে ‘রাজশাহী ওয়াসা’র কয়েক হাজার হস্তচালিত অগভীর নলকূপ অচল হয়ে পড়েছে। এছাড়াও গভীর নলকূপের সাহায্যে পাইপ দিয়ে যে পানি সরবরাহ করা হয় তাও লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে। ফলে নগরীতে পানির জন্য হাহাকার লেগেই আছে।
স্থানীয় আবহাওয়া অফিস গতকাল বৃহস্পতিবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন গত বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১০ এপ্রিল রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক প্রকাশ চন্দ্র ঘোষ বলেন, ২০০৫ সালের ১২ জুন রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর গত বছরের ৪ জুন রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এ বছরে গত কয়েকদিন থেকেই আবার তাপমাত্রা বাড়ছে।
প্রচণ্ড গরমে শিশু ও বৃদ্ধরা দুর্বিষহ দিন অতিবাহিত করছে। প্রতিদিনই সকাল থেকে মহানগরীর অধিকাংশ এলাকা জুড়ে থাকছে লোডশেডিং। তাপদাহের কারণে জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। এক পশলা বৃষ্টির জন্য সবার মধ্যে হাহাকার পড়েছে। রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আজকালের মধ্যে ভারি বৃষ্টি না হলে চলমান দাবদাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। বর্তমানে রাজশাহীতে মাঝারি থেকে তীব্র ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে তা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া চলতি মাসে দেশের উত্তরাঞ্চলে আরো ২-১ বার তীব্র তাপ প্রবাহ বিরাজ করতে পারে।
নগরীতে পানি সংকট প্রসঙ্গে রাজশাহী ওয়াসার কর্মকর্তারা বলেন, তারা সাধ্যমত পানি সরবরাহের চেষ্টা করছেন। কিন্তু অনেক সময় লোডশেডিংয়ের কারণে তাদের চেষ্টা ব্যাহত হচ্ছে। এছাড়া হস্তচালিত সেমি ডিপ-টিউবওয়েলগুলো দফায় দফায় মেরামতের মাধ্যমে স্থানীয়দের বিশুদ্ধ পানি পাওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে।