আবারো বিএনপিতে ফেরার ঘোষণা নাজমুল হুদার
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:১৫
নিজের পদত্যাগপত্র প্রত্যাহার করে বিএনপিতে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। তার নির্বাচনী এলাকা দোহারের শাইনপুকুরে নিজ বাড়িতে গত বুধবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহারের মতো উদারতার পরিচয় দিয়েছেন। দুই নেত্রীর মধ্যে এমন সৌজন্যবোধ দেশের জন্য মঙ্গলজনক। আমার নেত্রীর এই ঘোষণায় আমি খুশি হয়েছি। বিগত দিনে আমি এটাই চেয়েছিলাম। আমি নেত্রীর কাজে খুশি হয়ে আবার দলের জন্য কাজ করতে ফিরে এলাম।
খালেদা জিয়ার কঠোর সমালোচনা, দুই নেত্রীকে এক টেবিলে বসার আহ্বান জানানো, বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে জাতির পিতা সম্বোধনসহ আরো বিভিন্ন বিষয়ে মন্তব্য করায় ২০১০ সালের ২১ নভেম্বর বিএনপির গঠনতন্ত্রের ৫(ঘ) ধারা অনুযায়ী প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে ব্যারিস্টার নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০১১ সালের ১৯ মার্চ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরপর ২০১২ সালের মে মাসে শেখ হাসিনাকে আলোচনায় বসার আমন্ত্রণ জানাতে তিনি খালেদা জিয়াকে আলটিমেটাম দেন। এরপর গত ৬ জুন বিএনপি থেকে তিনি পদত্যাগ করেন। গঠন করেন নতুন দল। সেই দল থেকেও সম্প্রতি তাকে বহিষ্কার করা হয়।