সৌদি আরবে বন্যায় ১৩ জনের মৃত্যু
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:১৫
সৌদি আরবে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে আরো চারজন। রাজধানী রিয়াদসহ কয়েকটি এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে। খবর বিবিসির।
দেশটির বেসামরিক কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, গত শুক্রবার থেকে প্রচুর বৃষ্টিপাত হয় এবং বন্যার সৃষ্টি হয়। মরুর দেশ সৌদি আরবে গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা। রাজধানী রিয়াদ, দক্ষিণের বাহা, উত্তরের হাইল এবং পশ্চিমাঞ্চলে বন্যা এবং মৃত্যুর ঘটনা ঘটে। বন্যা প্লাবিত এলাকা এবং সমতল ভূমি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। বন্যার ফলে অনেককে গাছে আশ্রয় নিতে দেখা গেছে এবং অনেক গাড়ি রাস্তায় আটকে যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ বেসামরিক কর্তৃপক্ষকে দুর্গত মানুষদের সাহায্য করার এবং কাজের সমন্বয় করার নির্দেশ দিয়েছেন।