হেফাজতের নৈরাজ্য প্রতিহত করার আহ্বান
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:১৬
আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী দেশের তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে যে কোন মূল্যে হেফাজতে ইসলামের নৈরাজ্যকে প্রতিহত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ ীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী কোটি কোটি টাকা দিয়ে স্বল্প শিক্ষিত সন্ত্রাসী বাহিনী ও শফি সাহেবকে মাঠে নামিয়েছে। যুদ্ধাপরাধীদের হেফাজত করার জন্য এই হেফাজতে ইসলাম গঠিত হয়েছে।
ইলিয়াস হোসাইন বিন হেলালী হেফাজতে ইসলামকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের ইসলাম হেফাজত করার দায়িত্ব দেয়া হয়নি। আল্লাহ নিজেই ইসলামের হেফাজত করে থাকেন। আমরা ইসলামের দাওয়াত দিতে পারি। বিধর্মীদের মধ্যে ইসলাম প্রচার করতে পারি মাত্র। হেফাজতে ষড়যন্ত্র এ দেশের আলেম সমাজ এবং স্বাধীনতার সপক্ষের শক্তিসহ দেশের আপামর জনগণ বুঝতে পেরেছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, হেফাজতে ইসলামকে ইসলামের রক্ষক বললে মুসলমান জাতিকে কলঙ্কিত করা হবে। কারণ ইসলাম কোন ধ্বংস এবং নৈরাজ্যকে স্বীকৃতি দেয়নি। অথচ, সেটাই তারা করছে। তবে হেফাজতে ইসলামসহ যুদ্ধাপরাধীদের রক্ষায় নিয়োজিত সকল গোষ্ঠী ও দল কোন ষড়যন্ত্র করেই যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে না।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের কার্যকরি সভাপতি আলহাজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান নিজামী, সহ-সভাপতি মাওলানা আবদুল আলীম আজাদী, মাওলানা মো. আবুল হাশেম হাওলাদার, সাধারণ সম্পাদক মাওলানা মো. দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. লুত্ফর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হোসেন আহমেদ, মাওলানা আবদুল আজিজ, ঢাকা মহানগর ওলামা লীগের সভাপতি মো. রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আবুল হাশেম মোল্লা প্রমুখ।