সাবেক এমপি মাসুদ রেজার জানাজা ও দাফন সম্পন্ন
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:১৯
বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ মাসুদ রেজার জানাজা গত বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুমের রাজনৈতিক সহকর্মীরা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ, হুইপ আ স ম ফিরোজ, হুইপ নূর-ই-আলম চৌধুরী, জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদ সচিবসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের কফিনে রাষ্ট্রপতির পক্ষ থেকে, স্পিকারের পক্ষে ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বরিশাল অফিস জানায়, সৈয়দ মাসুদ রেজার দ্বিতীয় দফা জানাজা গতকাল বৃহস্পতিবার বাকেরগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমের পিতার নামে প্রতিষ্ঠিত মহেশপুর সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ মাঠে আরেকবার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মহেশপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বরিশাল সিটি মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, সাবেক এমপি আবুল হোসেন খান, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া প্রমুখ মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন।