শান্তিপূর্ণ হলে সহযোগিতা বিশৃঙ্খলায় কঠোর ব্যবস্থা
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:২০
ঢাকা অবরোধ কর্মসূচিতে হেফাজতে ইসলামকে বাধা দেবে না পুলিশ। তবে কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে পুলিশ কঠোর অবস্থানে যাবে। রাজধানীর প্রবেশ মুখগুলোতে অবস্থান নিলেও মেট্রোপলিটন এলাকার মধ্যে কোন ধরনের মিছিল সমাবেশ বা অবরোধ করতে পারবে না হেফাজত নেতাকর্মীরা। হেফাজতের অবরোধ কর্মসূচির পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন। বৈঠক শেষে একজন দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানিয়ে বলেন, পুলিশ সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহায়তা করে। কিন্তু কেউ বিশৃঙ্খলা করলে তারা কঠোর হতে বাধ্য হন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। বৈঠকে রাজধানীর অর্ধশত থানার অফিসার ইনচার্জসহ (ওসি) ডিএমপি সব ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ৫ মে রবিবার ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছে। ওইদিন তারা রাজধানীর বিভিন্ন প্রবেশ পয়েন্টে অবস্থান নিয়ে সমাবেশ করবে। গতকাল ডিএমপি সদর দফতরের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রাত থেকেই পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে। হেফাজতের অবরোধ কর্মসূচি যেহেতু রাজধানীতে নয়, তাই অহেতুক কাউকে রাজধানীতে ঘোরাফেরা না করতেও অনুরোধ করেছেন পুলিশ কর্মকর্তারা। এছাড়া পুলিশের পক্ষ থেকে রাজধানীর মাদ্রাসাগুলোতে বহিরাগত কাউকে আশ্রয় না দিতে বলা হয়েছে। এসব মাদ্রাসায় সার্বক্ষণিক নজরদারিও করছেন গোয়েন্দা পুলিশ সদস্যরা।
এদিকে হেফাজতের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দাওয়াতে ইসলাম। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির আহ্বায়ক জহিরুল ইসলাম মিয়া। তিনি বলেন, হেফাজতের পূর্বঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার সৃষ্টি হওয়ায় এই কর্মসূচি প্রত্যাহার করা উচিত। অপরদিকে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াছ হোসাইন বিন হেলালী দেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে যেকোন মূল্যে হেফাজতে ইসলামের নৈরাজ্যকে প্রতিহত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, গতকাল পুলিশ কমিশনারের অফিসে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঢাকা অবরোধ কর্মসূচিতে হেফাজতে ইসলামকে ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে ঢুকতে দেবে না পুলিশ। রাজধানীর প্রবেশ পথগুলোতে তারা অবস্থান নিলেও মেট্রোপলিটন এলাকার মধ্যে কোন ধরনের মিছিল-সমাবেশ বা অবরোধ করতে পারবে না। তবে পুলিশের এসব সিদ্ধান্ত হেফাজত নেতাদের সঙ্গে আলোচনা করেই হয়েছে। কর্মসূচির আগের দিন শনিবার হেফাজত নেতাদের সঙ্গে বৈঠক করবেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে অংশ নেয়া রাজধানীর একটি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, হেফাজতের অবরোধ কর্মসূচি পালিত হবে রাজধানীর প্রবেশ মুখগুলোতে। কিন্তু ডিএমপির কোন এলাকায় তাদের প্রবেশ করতে দেয়া হবে না। প্রবেশ পথগুলো জেলা পুলিশের আওতাধীন। জেলা পুলিশই বিষয়টি তদারকি করবে। তবে রাজধানীতে তারা বিশৃঙ্খলতা সৃষ্টি করতে পারে—এ কারণেই সব থানার ওসিকে বেশকিছু নির্দেশনাও দেয়া হয়েছে। পাশাপাশি বৈঠকের নির্দেশ অনুসারে গতকাল বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন মাদ্রাসার কর্তৃপক্ষকে বলা হয়েছে যাতে মাদ্রাসায় বহিরাগত কোন ব্যক্তিকে আশ্রয় দেয়া না হয়।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা ইত্তেফাককে বলেন, আইনগতভাবে অবরোধ কর্মসূচিতে অনুমতি দিতে পারে না পুলিশ। অবশ্য অবরোধকারীরা পুলিশের কাছে অনুমতির জন্য কোন আবেদনও করেনি। তারপরও কর্মসূচি যেহেতু রাজধানী ঘিরে হবে তাই আগে থেকেই সতর্ক রয়েছেন পুলিশ কর্মকর্তারা। ওই কর্মকর্তা আরও বলেন, গত ৬ এপ্রিল হেফাজতে ইসলাম রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ করেছিল। আশাকরি অবরোধ কর্মসূচিও তারা শান্তিপূর্ণভাবে পালন করবে। এজন্য সর্বাত্মক সহযোগিতার জন্য পুলিশ সদর দফতর থেকে জেলা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু অবরোধের নামে যদি কেউ বিশৃঙ্খলার চেষ্টা করে, তবে পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। কোন অবস্থায় ছাড় দেয়া হবে না।