নিরাপদ কর্মস্থল চাই
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:২২
শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল, সাভারে শ্রমিক হত্যার ঘটনায় দায়ীদের ফাঁসি এবং ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার জোর দাবি জানানোর মধ্য দিয়ে গত বুধবার রাজধানীসহ সারাদেশে নানা আয়োজনে ‘মহান মে দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে মাথায়-হাতে লালশালু বেঁধে শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে শোষণ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের শপথ নেন শ্রমিকরা। বিশেষ করে সব কর্মসূচিতেই নিরাপদ কর্মস্থলের দাবিতে সোচ্চার ছিলেন শ্রমিকরা।
মে দিবসে সকাল থেকেই জাতীয় প্রেসক্লাব, বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, নয়াপল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠনের হাজার হাজার শ্রমিক মাথায় লাল কাপড় ও হাতে লাল ও কালো কাপড় নিয়ে রাজপথে নেমে আসেন। কারো কারো হাতে ছিল হাতুড়ি-শাবল-গাঁইতি-বেলচাসহ খেটে খাওয়া মানুষের বিভিন্ন কর্ম উপকরণ। অনেকের হাতে থাকা প্ল্যাকার্ড-ফেস্টুনে বিভিন্ন সেক্টরের শ্রমিকরা নিজেদের দাবির পাশাপাশি সাভারে ভবন ধসে শত শত শ্রমিকের প্রাণহানির ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে জড়িত ভবন মালিক ও গার্মেন্টস মালিকদের বিচারের দাবি তুলে ধরেন। সহযোদ্ধাদের হারিয়ে শোককে শক্তিতে রূপান্তর করে এ দুর্ঘটনার জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা। একই সাথে শ্রমিকদের মজুরি সর্বনিম্ন ৮ হাজার টাকা করারও দাবি জানানো হয়। এছাড়া বিভিন্ন শ্রমিক সমাবেশ থেকে সাভারের ভবন ধসের ঘটনায় প্রায় আড়াই হাজার শ্রমিককে জীবিত উদ্ধারে সমর্থ হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানোর পাশাপাশি উদ্ধার অভিযান অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শ্রমিক লীগ ঢাকা মহানগরী শাখা সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। সকাল সাড়ে ৭টায় জাতীয় স্টেডিয়ামের পাশ থেকে শোভাযাত্রা বের করে টিঅ্যান্ডটি শ্রমিক লীগ। এছাড়া বঙ্গবন্ধু এভিনিউ ঘিরে এ সময় শোভাযাত্রা বের করে বিদ্যুত্ বিভাগ শ্রমিক লীগ, ঘাট শ্রমিক লীগ, ওয়াসা শ্রমিক লীগ, ব্যাংক কর্মচারী শ্রমিক লীগ, বিআরটিসি শ্রমিক লীগ, পরিবহন শ্রমিক লীগসহ আরো কয়েকটি সংগঠন।
সকাল সাড়ে ৮টার দিকে বিআরটিসি ভবনের সামনে থেকে শ্রমিক শোভাযাত্রা বের করে জাতীয় শ্রমিক লীগ। বেলা ১১টার দিকে বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশন জাতীয় প্রেসক্লাবের সামনে শামীমা আক্তার শিরিনের সভাপতিত্বে সমাবেশ করে। একই সময় দেশের শ্রমিক-কর্মচারীদের সবচেয়ে বড় জোট ‘শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ’ (স্কপ) প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ করে। শহীদ মিনারে শ্রমিকদের দাবি আদায়ে সমাবেশ করে ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এছাড়া গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আইন প্রণয়নের দাবিতে সেগুনবাগিচায় সমাবেশ করে। পরে গৃহ শ্রমিকরা শোভাযাত্রা নিয়ে স্কপের সমাবেশে যোগ দেন। এর আগে সকাল ১০টার দিকে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে ‘টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন ফেডারেশন’ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও শোভাযাত্রা করে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লাভলী ইয়াসমিন।
এসব সমাবেশ থেকে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা, ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা, শ্রমিকদের কারাখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটিসহ সাভারের ঘটনায় নিখোঁজদের প্রকৃত তালিকা প্রকাশ এবং আহতদের ‘আজীবন’ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়। সাভারের স্থানীয় এমপি, ইউএনওসহ দায়িত্বে অবহেলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দায়ী মালিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তি থেকে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে।
এছাড়া মে দিবস উপলক্ষে রাজধানীতে মিছিল-সমাবেশ করে বাসদ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফোরাম, গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, ইকুইটি ফর জাস্টিস, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফোরাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব), শ্রমিক জোট, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্ট্যাডিজসহ আরো অসংখ্য সংগঠন।
দিবসটি উপলক্ষে সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে বিকালে শাহবাগ প্রজন্ম চত্বরে নাগরিক শোক সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-এর (ডিইউজে) যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। ডিইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া সন্ধ্যায় সবুজবাগে সংগঠনের থানা কার্যালয়ের সামনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (ইনসাব) আলোচনা সভায় সোনালী জুট মিলসের চেয়ারম্যান এসএম এমদাদুল হোসেন (বুলবুল), শ্রমিক নেতা দেওয়ান মো. আলী, গিয়াসউদ্দিন, মো. আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক, কাজের সময় আট ঘণ্টা করা এবং সপ্তাহে একদিন ছুটির দাবিতে আন্দোলন শুরু করেন। এরই ধারাবাহিকতায় ওই বছরের ১ মে ধর্মঘট চলাকালে হে মার্কেটে শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে ১০ শ্রমিক শহীদ হন। পরে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। পরের বছর থেকে ১ মে সারাবিশ্বে শ্রমিক সংহতি আন্তর্জাতিক দিবস হিসেবে ‘মে দিবস’ পালিত হয়ে আসছে।
এদিকে রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা-উপজেলা সদরে মে দিবস উপলক্ষে মিছিল-শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধিরা।
চট্টগ্রামে ১২০ প্রবীণ
শ্রমিককে সংবর্ধনা
চট্টগ্রাম: দিবসটি উপলক্ষে চট্টগ্রামে বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, কাজের মানসম্মত পরিবেশ সৃষ্টি এবং সাভারে ভবন ধসের ঘটনায় দায়ি ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত সহযোগিতা প্রদানের দাবি জানান।
এদিকে এক অনুষ্ঠানে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন পেশার ১২০ জন প্রবীণ শ্রমিককে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র এম মনজুর আলম ক্রেস্টসহ নগদ এক ?হাজার টাকা প্রত্যেকের হাতে তুলে দেন। সভায় সিটি মেয়র আগামী দুই মাসের মধ্যে কর্পোরেশনে প্রায় ১৪০০ পদে নিয়োজিত অস্থায়ী শ্রমিক-কর্মচারীর চাকরি স্থায়ী করার ঘোষণা দেন। এছাড়া চট্টগ্রামে শ্রমিক সংহতি সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
রাজশাহী: বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নগরীতে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে। সাভারের রানাপ্লাজা ধসের ঘটনায় চার শতাধিক গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এবারের মে দিবসে ছিল শোকাবহ পরিবেশ। সকালে খেলাঘর আসর, অনুশীলন পাঠাগার, উদীচী, সমগীত, মাদল, মুক্তপাঠ ও ম্যাজিক লণ্ঠনসহ বিভিন্ন সংগঠন শোভাযাত্রা করে। এতে শ্রমিকের ন্যায্য দাবি আদায় ও সাভারের ঘটনায় দায়ীদের ফাঁসির শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ, শ্রমিক দল, শ্রমিক পার্টি, বিভাগীয় শ্রম আদালতসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ইউনিয়ন পৃথক কর্মসূচি পালন করে। এদিকে এক বিবৃতিতে রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শ্রমিক কল্যাণে তহবিল গঠন এবং চিকিত্সায় সহযোগিতা প্রদানসহ ন্যূনতম মাসিক মজুরি ৬ হাজার টাকা নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বরিশাল: দিবসটি উপলক্ষে মহানগর শ্রমিক লীগ নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে নগরীর সোহেল চত্বরের অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র শওকত হোসেন হিরন, সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ প্রমুখ। দলীয় কার্যালয়ে মহানগর শ্রমিক দলের আলোচনা সভায় বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সভাপতি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। সভা শেষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবভর র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
যশোর: জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন করেছে। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এর আগে যশোর কালেক্টরেট চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয। আলোচনা সভায় সাভার ট্রাজেডিতে নিহত গার্মেন্টস শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া পরিবহন সংস্থা শ্রমিক সমিতি, যশোর সাংবাদিক ইউনিয়ন, শ্রমিক লীগ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে।
শ্রীমঙ্গল: দেশের অন্যতম বৃহত্ শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর দুই গ্রুপ পৃথকভাবে দিবসটি উদযাপন করেছে। এতে কয়েক হাজার মহিলা ও পুরুষ শ্রমিকের সমাগমে শ্রীমঙ্গল শহর ছিল উত্সবমুখর।