স্পিকার নির্বাচন :ত্রয়োদশ সংশোধনী বাতিলের চেতনার সঙ্গে সঙ্গতি নেই

দেশের ইতিহাসে এই প্রথম একজন অনির্বাচিত ব্যক্তি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। তবে সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন, ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হওয়ায় সংবিধান ও আইনের কোন লংঘন হয়নি। কিন্তু এ নির্বাচন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এর মাধ্যমে ক্ষমতাসীন দল পক্ষান্তরে ‘নির্বাচিত’ দ্বারা দেশ শাসনের নীতি থেকে সরে এসেছে। দেশের সংবিধানে দুই ধরনের সংসদ সদস্য নিয়ে সংসদ গঠনের কথা বলা হয়। প্রথমত সংবিধানের ৬৫(২) অনুচ্ছেদ অনুযায়ী একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনানুযায়ী নির্বাচিত তিনশত সদস্য নিয়ে এবং দ্বিতীয়ত আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বন্টিত ৫০ জন মহিলা সংসদ সদস্য নিয়ে সংসদ গঠনের কথা বলা হয়েছে। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন পুরুষ কিংবা মহিলাই যা-ই হোন, কেবল তারাই ‘সংসদ সদস্য’ হিসাবে অভিহিত হবেন। অন্যদিকে সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বন্টিত সদস্যরা ‘সংরক্ষিত মহিলা সদস্য’ হিসেবে চিহ্নিত হন। ১৯৭২ সালের মূল সংবিধানে ১৫টি সংরক্ষিত মহিলা আসনের বিধান ছিলো। তারা আইনানুযায়ী সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতেন। বিভিন্ন সময়ে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা বাড়ানো হলে নির্বাচন পদ্ধতি একই ছিলো। অর্থাত্ মহিলা সদস্যদের নির্বাচকমন্ডলী ছিলেন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্য। কিন্তু ২০০৪ সালে বিগত বিএনপি সরকার সংবিধানে ১৪ তম সংশোধনী আনে। ওই সংশোধনীতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে ৪৫ মহিলা আসন বন্টনের ব্যবস্থা করা হয়। পঞ্চদশ সংশোধনীতে এ সংখ্যা ৫০ এ উন্নীত করা হলেও নির্বাচন পদ্ধতি একই রাখা হয়। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে এই আসনগুলো বন্টন করা হয়। নবনির্বাচিত জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বন্টন পদ্ধতিতে আওয়ামী লীগের কোটায় সংসদ সদস্য হয়েছেন। ড. শিরীন শারমিন চৌধুরীর আগে দেশে এই পর্যন্ত ১৫ জন স্পিকার নির্বাচিত হয়েছেন। তারা সকলেই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এই প্রথম একজন ‘অনির্বাচিত ব্যক্তি’ স্পিকার হলেন। এ প্রসঙ্গে সংবিধান বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল’র পরিচালক ড. শাহদীন মালিক ইত্তেফাককে বলেন, একজন মহিলা দেশের স্পিকার নির্বাচিত হয়েছেন সেজন্য আমরা আনন্দিত। তার যোগ্যতা নিয়েও কোন প্রশ্ন থাকার কথা নয়। কিন্তু এটি বড় কোন ঘটনা নয়। এখন মহিলারা যে যোগ্য- এটা দেশের সবাই জানে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রী মহিলা সমাজের প্রতিনিধি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ প্রশাসনের উচ্চ পদেও মহিলারা অধিষ্ঠিত আছেন। যদি তিনিই প্রথম হতেন বা যখন মহিলা ও পুরুষের মধ্যে ব্যাপক ফারাক ছিলো তখন এটি করা হলে তা একটি বিশেষ ঘটনা হতে পারত। তিনি বলেন, এ কথা অস্বীকার করার কোন উপায় নেই যে তিনি একজন অনির্বাচিত। বন্টন বা কোটা পদ্ধতিতে তিনি সংসদ সদস্য হয়েছেন। জাতীয় সংসদ মূলত নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারাই পরিচালিত। কিন্তু তার প্রধান ব্যক্তি একজন অনির্বাচিত- এটি একটু বেমানান। তবে স্পিকার পদের এই নির্বাচন সংবিধান পরিপন্থি নয়। সংরক্ষিত আসন হলেও তিনি একজন সংসদ সদস্য। ড. শাহদীন মালিক বলেন, বিরোধী দল প্রকাশ্যে কিছু না বললেও রাষ্ট্রপতি নির্বাচনে দৃশ্যত একটা ঐকমত্য ছিলো। কিন্তু স্পিকার নির্বাচন ঐকমত্যের ভিত্তিতে হয়নি। এটি দলীয় বা সরকার প্রধানের ইচ্ছা অনুযায়ী হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রের তিন নম্বর ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে অতীতে যে মাপকাঠি অনুসরণ করা হত- এবার সেটি অবজ্ঞা করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হতেন মূলত ক্ষমতাসীন দলের প্রবীণতম সদস্যদের মধ্য থেকে। কিন্তু এবার যাকে নির্বাচিত করা হলো, বলতে গেলে তিনি পার্লামেন্টে ক্ষমতাসীন দলের সবচেয়ে নবীন সদস্য। এর মাধ্যমে স্পিকারের পদকে অবজ্ঞ করা হয়েছে। তিনি বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, অনির্বাচিত কোন মন্ত্রীর সংসদে কথা বলার অধিকার নেই। তিনি শুধু তার দপ্তর সম্পর্কে কথা বলার বা প্রশ্নোত্তর দেয়ার সুযোগ পেয়ে থাকেন। মূল স্পিরিট (চেতনা) হচ্ছে- জাতীয় সংসদ হচ্ছে নির্বাচিতদের জন্যে। কিন্তু এক্ষেত্রে এই চেতনাকে অনুসরণ করা হয়নি। তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন দলের মূল নীতিই হচ্ছে নির্বাচিতদের দ্বারা দেশ শাসনের। যে কারণে তত্ত্বাবধায়ক সরকার তারা সংবিধান থেকে মুছে ফেলেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, এই নীতি থেকে তারা সরে এসেছে। শুধু তাই নয় একজন অনির্বাচিত ব্যক্তিকে স্পিকার নির্বাচিত করা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক ত্রয়োদশ সংশোধনী বাতিলের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।