অখণ্ড লাশ আর মিলছে না
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:২৩
সাভার রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আর অখন্ড লাশ মিলছে না। উদ্ধার কাজের দ্বিতীয় পর্বে ভারি সরঞ্জামের মাধ্যমে ধ্বংসস্তূপ সরানোর সময় লাশের বিভিন্ন অংশের সন্ধান পাচ্ছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের মধ্যে পদে পদে মিলছে দুমড়ে মুচড়ে যাওয়া শরীরের খন্ডিত অংশ। রড সিমেন্টের জঞ্জাল যতই সরানো হচ্ছে ততই বের হচ্ছে লাশের খন্ডিত অংশ। চেনা যাচ্ছে না কার লাশ। জানা যাচ্ছে না মৃতদেহর কি পরিচয়। উদ্ধার করা হচ্ছে কেবল হাত, পা, মস্তক ও বিচ্ছিন্ন অঙ্গপ্রতঙ্গ। গতকাল বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা ৬ জন মৃত মানুষের টুকরা লাশ উদ্ধার করেছেন। তাদের পরিচয় জানতে হচ্ছে পড়নের কাপড় দেখে। উদ্ধারকর্মীরা বলছেন, দীর্ঘদিন হওয়ায় লাশগুলোতে এখন পচন ধরেছে। ফলে কোনো ধরনের আঘাতেই তা ছিঁড়ে বের হয়ে আসছে। যে কোনো স্থানে লাশ থাকতে পারে বিষয়টি মাথায় রেখেই চলছে উদ্ধার কাজ এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। এ দিকে গতকাল বৃহস্পতিবার রানা প্লাজা ধসের নবম দিনেও বলা সম্ভব হয়নি উদ্ধার অভিযান আর কত দিন চলবে। এ অবস্থায় নিহতের স্বজনরা লাশ শনাক্তের ব্যাপারে হতাশ হয়ে ওঠছেন। তারা বলছেন, যত দেরী হচ্ছে তত লাশ তত বিকৃত হচ্ছে। পরে কি করে চিনবো স্বজনদের লাশ?
গতকাল পর্যন্ত কেউ জানাতে পারেনি রানা প্লাজা ধসের ঘটনায় কত মানুষ নিখোঁজ হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অভিযান শেষ হলেই কেবল প্রকৃত চিত্র সঠিকভাবে বলা সম্ভব হবে। অপর দিকে রানা প্লাজার পিছন দিকের ধ্বংসস্তূপে এখনো বেশ কিছু লাশ ঝুলে থাকতে দেখা গেছে। এ সব লাশগুলোর কাছে এখনো যাওয়া সম্ভব হয়নি। বড় বড় বিম আর রডের মধ্যে থাকায় উদ্ধার কাজে বেশ সমস্যা হচ্ছে। তবে ভারী অভিযান শুরু হওয়ার পর থেকে আর কোন জীবিত মানুষকে মৃত্যুকূপে খুঁজে পাওয়া যায়নি।
জেলা প্রশাসনের হিসাবে গতকাল নবম দিনে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ১৯টি লাশ। এ নিয়ে মোট উদ্ধার হওয়া লাশের সংখ্যা দাঁড়ালো ৪৪৪ এ। ভারী যন্ত্র ব্যবহার করে দ্বিতীয় পর্যায়ের উদ্ধার অভিযানে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৭ জনের লাশ। এদের মধ্যে গতকাল দুপুরে উদ্ধারকৃত ৬টি লাশ পুরোপুুরি বিকৃত ছিল। এমনভাবে বিকৃত হয়ে গেছে যে চেনা কঠিন। সকালে উদ্ধার হওয়া ছয়জনের লাশ প্রথমে সাভার অধরচন্দ্র বিদ্যালয় মাঠে রাখা হয়। কিছুক্ষণ পর এখান থেকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে। দুপুর ও বিকালে উদ্ধার করা লাশগুলো অধরচন্দ্র বিদ্যালয় মাঠে রাখা হয়েছে।
এদিকে নিখোঁজদের আত্মীয়-স্বজনরা ভবনটির খুব কাছে যেতে না পারলেও এখনো রানা প্লাজার আশপাশে অপেক্ষা করছেন তাদের নিখোঁজ মানুষটির লাশের জন্য। কান্না মুছে পাষাণ চোখে তারা যে কোনো বাস্তবতার জন্য অপেক্ষা করছেন। জীবিতের আশা ছেড়েই দিয়েছেন তারা। শুধু অপেক্ষা করছে কখন তার স্বজনের লাশটি পাওয়া যাবে।
গতকাল ধসে পড়া রানা প্লাজায় সরেজমিনে দেখা গেছে, গতকাল সকাল থেকেই ধসে পড়া ভবনটির সামনে ও পেছনের অংশে একযোগে শুরু হয় ধবংসস্তূপ অপসারণের কাজ। পেছনে ভারী হাইড্রোলিক ক্রেনের সাহায্যে কংক্রিটের একটি স্লাব তুলে আনলে সেখানে ঝুলে থাকতে দেখা যায় দুই শ্রমিকের হাত-পা। লাশ তুলে আনার জন্যে ছুটে যান সেনাবাহিনী ও ফায়ার ব্রিগেডের সদস্যরা। নেয়া হয় বডি ব্যাগ। কিন্ু্ত কংক্রিট সরিয়ে লাশটির উল্লেখযোগ্য অংশ বের করা সম্ভব হলেও আটকে থাকে দেহের অপর অংশ। এরপর দৃশ্যমান এই লাশগুলো কালো কাপড় দিয়ে ঢেকেই পুনরায় কংক্রিট অপসারণের কাজ শুরু করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক নুরুল ইসলাম জানান, লাশগুলো পচে গলে এমন অবস্থায় পৌঁছেছে যে হাত পা ধরে টান দিলেই দেহ থেকে বিভিন্ন অংশ খসে যাচ্ছে। ধবংসস্তূপের নিচে এভাবে অনেক লাশ চাপা পড়ে থাকতে পারে বলেও জানান তিনি। পেছনের দিকে সিঁড়ি থাকায় সবাই বাঁচার আশায় সিঁড়ির দিকে ছুটেছিলেন। এছাড়া পিছনের দিকে বাথরুমেও পাওয়া যাচ্ছে দলা পাকানো লাশ।
রানা প্লাজার সামনের দিকে গতকাল সকাল থেকে চেষ্টার পর বেলা সাড়ে ১১ টার সময় একটি ড্রিলএেভটর ধসে পড়া ভবনটির ছাদে উঠতে পারে। এরপর সেটি দিয়ে রানা প্লাজার দক্ষিণ পাশ থেকে ছাদ কাটা শুরু হয়। দুপুর ১২টার দিকে রানা প্লাজার দক্ষিণ দিক থেকে একটি লাশের পায়ের অংশ পাওয়া যায়। সেটি সম্মানের সঙ্গে লাশের প্যাকেটে নিয়ে মর্গে পাঠানোর ব্যবস্থা করেন উদ্ধারকর্মীরা। নিহতের পায়ের এই অংশটি কোনো নারীর বলেই ধারণা করছেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার ভবনটির এই অংশ থেকে দু’টি লাশের টুকরো বের করা হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে রানা প্লাজার উত্তর দিকের অংশটি ভাঙার চেষ্টা করেন উদ্ধারকর্মীরা। এ সময় বুলডোজার দিয়ে ধাক্কা দেয়ার পরই অংশ, যেটি রানা প্লাজার জরুরি নির্গমন ছিল বলে ধারণা করা হচ্ছে সেটি ধসে পড়ে। এ অংশটি ভেঙে পড়ার পর আরও কিছু লাশের নিশানা দেখা যায়। তবে এ সময় উদ্ধারযান ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য রক্ষা পায় বুলডোজারের চালক। উদ্ধারকর্মীরা ধারণা করছেন ভবনের ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, আর কত লাশ চাপা পড়ে আছে তা উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনভাবেই বলা যাচ্ছে না। এখন পাওয়া লাশগুলো সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। ধংসস্তূপের স্তরে স্তরে মানবদেহের খন্ডিত অংশ। মস্তকবিহীন ধর, একটি হাত অথবা পা ও বিচ্ছিন্ন মস্তকসহ গলিত লাশগুলো উদ্ধার করতে হচ্ছে সাবধানে। আমরা চেষ্টা করছি অত লাশ উদ্ধার করতে।
ফায়ার সার্ভিসের অপর এক উদ্ধারকর্মী জানান, অভিযানের নবম দিনে ধসে যাওয়া রানা প্লাজার ভেতর থেকে বের হওয়া লাশগুলো কোন ভাবে চেনা যাচ্ছে না। তারপরও স্বজনরা প্রিয়জনকে খুঁজে পেতে ওই বিকৃত লাশের ওপর হুমড়ি খেয়ে পড়ছেন। এসকেভেটরের আঁচড়ে যতই ধ্বংসংস্তূপ সরানো হচ্ছে ততোই বের হয়ে আসছে দুমড়ে মুচড়ে যাওয়া মৃতদেহ। কোন কোন লাশের পরনে থাকা পোশাকের অংশ, টিফিন ক্যারিয়ার, রড, কাপড়ের রোলসহ গার্মেন্টসের যন্ত্রাংশ মানুষের শরীরের মধ্যে গেঁথে আছে। এর মাঝেই পাওয়া যাচ্ছে কারো মাথা কারো বা হাত পা। এগুলো শনাক্তের কোন উপায় নেই।