লাশ গুমের অভিযোগ নাকচ করলো সেনাবাহিনী

সাভারে ভবন ধসে নিহতদের লাশ গুমের অভিযোগকে দুঃখজনক বলে তা নাকচ করে দিয়েছেন উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা নবম পদাতিক বাহিনীর জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। তিনি রানা প্লাজা ধসের ঘটনায় হতাহতের পরিসংখ্যান নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে জনগণকে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ উদ্ধার কাজে অংশ নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার সকালে সাভারে উদ্ধার অভিযানের নিয়ন্ত্রণ কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাসান সোহরাওয়ার্দী বলেন, ‘উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনী, অন্যান্য সংস্থা এবং স্বেচ্ছাসেবীদের দেশপ্রেম ও সততা নিয়ে প্রশ্ন তোলা ও লাশ গুমের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। কোন একটি মহল তথাকথিত লাশ গুমের অভিযোগ স্বজনদের মধ্যে ছড়িয়েছে। তারা নিহত ব্যক্তির স্বজনদের উত্তেজিত করে চলেছে। এতে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি নিহতদের লাশ উদ্ধারের ব্যাপারে জানান, সাভারের রানা প্লাজা ধসে পড়ার পর থেকে গতকাল পর্যন্ত বেলা সাড়ে ১১টা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৯ জন। এদের মধ্যে ৩৭৪ জনের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিখোঁজ বা মৃত ব্যক্তির সংখ্যার ব্যাপারে তিনি বলেন, নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ধারণে ৯তলা ওই ভবনের পাঁচ কারখানায় কর্মরত শ্রমিকদের তালিকা বিজিএমইএ বা অন্য কারো কাছ থেকে এখনো পাওয়া যায়নি। এ ধরনের কোনো তালিকা না পেলে নিখোঁজদের সংখ্যা কীভাবে বের করা হবে। তিনি আরো বলেন, নিখোঁজ তালিকা জেলা প্রশাসন করেছে। তারাই এর উত্তর দিতে পারবে। তবে উদ্ধার কাজ সম্পূর্ণ হলেই আসলে বলা যাবে সঠিক মৃতের সংখ্যা কত। উদ্ধার কাজের ধীরগতি সর্ম্পকে তিনি বলেন, লাশের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য আমরা সর্তকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আর এজন্যই উদ্ধার কাজে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। একটি লাশ ধ্বংসস্তূপে থাকা সত্ত্বেও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে যাবে না।