ঝুঁকিপূর্ণ গার্মেন্টস ভবন শনাক্তে আজ থেকে অভিযান
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:২৪
গার্মেন্টস শিল্পকে নিরাপদ করার জন্য ঢাকাসহ সারাদেশে পোশাক কারখানা পরিদর্শনে নামছে বিশেষজ্ঞ কমিটি। আজ শুক্রবার থেকে ঢাকায় নামছে রাজউকের আটটি টিম। পাশাপাশি দেশের জেলা প্রশাসকদের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের বিষয়ে কমিটি করে প্রয়োজনীয় অনুসন্ধানের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে এক বৈঠকে এ নির্দেশ দেয়া হয়েছে।
রানা প্লাজা ধসের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার সাংবাদিকদের বলেন, রানা প্লাজা ধসের পর সারাদেশে গার্মেন্টস শিল্পে অস্থিরতা বিরাজ করছে। অনেক জেলা ও থানায় বিনা কারণে প্রশাসনিকভাবে গার্মেন্টস বন্ধ করা হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ আসছে। এছাড়া ১৬০টি গার্মেন্টসের ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেগুলো সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় অবস্থিত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানগুলোর জেলা প্রশাসকরা অনুসন্ধান করবেন। তবে তারা কোন গার্মেন্টস বন্ধ করতে পারবেন না। তারা দেখবেন গার্মেন্টস আসলে বহুতল ভবন কি না, ভাড়া বাড়িতে করা হয়েছে কি না। তা যদি করা হয়ে থাকে সেগুলো খতিয়ে দেখবেন এবং তদন্ত শেষে সুপারিশমালা জাতীয় কমিটির কাছে পেশ করবেন। এরপর জাতীয় কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অতিরিক্ত সচিব বলেন, সারাদেশে ৪ হাজার সাতশ গার্মেন্টস রয়েছে। গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করতে কারা ইন্ধন দিচ্ছে তা শনাক্ত করার জন্য গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, অস্থিরতা নিরসনের জন্য শিল্প পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে তারা কঠোর হস্তে তা দমন করবে। আমরা বাপার সাথেও বৈঠক করেছি তাদের মতামত নেয়া হয়েছে। প্রশাসন যাতে অন্যায়ভাবে গার্মেন্টস বন্ধ ও মালিকদের ভয় দেখাতে না পারে সেজন্য আমরা মন্ত্রীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি করেছি। সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে সেই কমিটিতে বিজিএমইএ ও বিকেএমইএ’র প্রতিনিধি থাকবে।
বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন রাজু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা, বিজিএমইএ, বিকেএমইএ প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।