কার লাশ কে নেবে
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:২৫
সাভার রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে গতকাল বের করা হয়েছে পচা-গলা বা খণ্ডিত লাশ। গত নয় দিনে ধ্বংসস্তূপের মধ্যে অতিরিক্ত গরমে অনেক লাশ পচে-গলে গেছে। উদ্ধার কাজে ধীর গতি হচ্ছে অভিযোগ করে নিখোঁজদের স্বজনরা আরো বেশি হতাশ হয়ে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার উদ্ধার হওয়া পচা-গলা লাশ দেখে রানা প্লাজার সামনে অপেক্ষমাণ স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। নিখোঁজদের স্বজনরা বলছেন, লাশ উদ্ধারে চরম ধীর গতি। ৯ দিনেও ধ্বংসস্তূপের নিচের দিকের লাশ উদ্ধার করতে পারেনি উদ্ধার কর্মীরা। কাজের যে গতি দেখা যাচ্ছে তাতে নিচের দিকে লাশ উদ্ধার করতে আরো ১২/১৩ দিন লেগে যাবে। তখন লাশ তাত্ক্ষণিকভাবে শনাক্ত করার কোন উপায় থাকবে না। তখন কার লাশ কে নেবে? তার কোন ঠিক-ঠিকানা থাকবে না।
ভাগ্নে আরিফুর রহমানের সন্ধানে রানা প্লাজার সামনে অপেক্ষমাণ ইউনুস খান বলেন, আমি নিজে ভবনে ঢুকে এর উত্তর-পূর্ব কোণার দিকে অনেক লাশ দেখে এসেছি। অথচ ভারী যন্ত্রপাতি সেদিকে ব্যবহার না করে সামনে ও পেছনে ব্যবহার করা হচ্ছে, যেখানে লাশ নেই। এতে করে ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা লাশ উদ্ধারে আরো বিলম্ব হচ্ছে। এতো দেরি করলে কার লাশ কে নেবে তার কোন ঠিক-ঠিকানা থাকবে না। অনেকেই একটি লাশকে নিয়ে টানাটানি করবে আবার অনেকেই প্রিয়জনের লাশটি চিনতে না পেরে অন্য লাশের দিকে ছুটবে।
রানা প্লাজার সামনে দিনাজপুরের মোজাফফর আলী বলেন, নয় দিনেও তার মেয়ে রীনা আক্তারের কোনো খোঁজ মেলেনি। তিনি বলেন, মার (মেয়ে) মুখটা দেখতে চাই। সব হাসপাতালেই খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও মেয়ের সন্ধান পায়নি। এখন হয়তো মেয়ের লাশ পাবো, কিন্তু চিনতে পারবো না। একথা বলেই তিনি কেঁদে ফেললেন। কথা হয় আঞ্জুমান আরা বেগম নামের এক মহিলার সঙ্গে। তিনি এসেছেন নিখোঁজ ছেলে হূদয় খানের ছবি হাতে নিয়ে। ষষ্ঠ তলায় আয়রন শাখায় হূদয় কাজ করতেন বলে জানান তিনি। আঞ্জুমান আরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আমার বাবার (ছেলে) গায়ের গন্ধটুকু শেষবারের মতো নিতে চাই। কিন্তু এতো দেরি করলে কার লাশ আমি নেবো?