জিএসপি পদ্ধতিকে কাজে লাগাতে পারে ইইউ

বাংলাদেশে তৈরি পোশাক কার-খানাগুলোর শ্রমিকদের জন্য উন্নত কাজের পরিবেশ নিশ্চিত করতে কিছু পদক্ষেপ নেয়ার কথা চিন্তা করছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। সাভারে রানা প্লাজা ধসে পড়ে চার শতাধিক লোক নিহত হওয়ার পর ইইউর পক্ষ থেকে একথা জানানো হয়েছে। ধসে পড়া ঐ নয়তলা ভবনটিতে বেশ কয়েকটি রফতানিমুখী পোশাক কারখানা ছিল। আর নিহতদের অধিকাংশই এসব কারখানার শ্রমিক। এই ঘটনার পর যেসব উন্নয়নশীল দেশ থেকে তৈরি পোশাকের চালান আসে সেখানকার কারখানাগুলোতে কাজের পরিবেশের প্রতি নজর দেয়ার ব্যাপারে বিশ্বব্যাপী ভাবনা-চিন্তা শুরু হয়েছে। বুধবার এক বিবৃতিতে ইইউ বলেছে, যেসব উন্নয়নশীল দেশ থেকে ইউরোপের বাজারে পোশাক রফতানি হয় সেসব দেশের কারখানাগুলোকে আরো দায়িত্বশীলতা ব্যবস্থাপনার আওতায় আনার জন্য জিএসপি পদ্ধতিকে কাজে লাগানো হতে পারে। বাংলাদেশও জিএসপি নামে এই বাণিজ্য সুবিধা পেয়ে থাকে। এর ফলে বাংলাদেশের তৈরি পোশাক কোন ধরনের কোটা এবং শুল্ক ছাড়াই ইউরোপের বাজারে ঢুকতে পারে। ইইউ বলছে, তারা বাংলাদেশের শ্রমিকদের অবস্থা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন এ্যাশটন এবং বাণিজ্য কমিশনার কারেল ডি গুশট বিবৃতিতে বলেন, ইইউ কিছু উপযুক্ত পদক্ষেপ নেবার কথা বিবেচনা করছে, যার মধ্যে জিএসপি পদ্ধতিকে কাজে লাগানোর কথাও আছে। এর লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোতে তৈরি পোশাকের যে সরবরাহ ব্যবস্থা আছে সেটিকে দায়িত্বশীল হতে উত্সাহিত করা। এর আগে গত কয়েকদিনে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক বলেছে, তাদের সরবরাহকারী হিসেবে কাজ করতো এমন যেসব প্রতিষ্ঠানের কর্মী ওই ভবন ধসের ঘটনায় শিকার হয়েছে, তাদের ক্ষতিপূরণ এবং খাদ্য সাহায্য দেয়া হবে। কানাডার পোশাক বিক্রেতারাও এ ঘটনার পর নতুন বাণিজ্য নীতিমালা তৈরির কথা বলেছে।