এখনই লোভে লাগাম দেয়ার উপযুক্ত সময়
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:২৬
সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে রফতানিকারক দেশের কারখানাগুলোর কাজের পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের ক্রেতাদের আহবান জানিয়েছেন কংগ্রেসওম্যান গ্রেস ম্যাং। সেখানকার বড় বড় ক্রেতাদের কাছে দেয়া এক চিঠিতে তিনি বলেন, ‘লোভে লাগাম দেয়ার উপযুক্ত সময় এখনই। নিরাপত্তাকে বাদ দিয়ে শুধু মুনাফা করা দীর্ঘদিন চলতে পারে না।’
এদিকে বাংলাদেশের কারখানাগুলোর কাজের পরিবেশ উন্নয়নে কি ভূমিকা রাখা যায় তা নির্ধারণে যুক্তরাষ্ট্র তার দেশের ক্রেতাদের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল এক ব্রিফিং-এ সাংবাদিকদের একথা বলেন। সাভারে ভবন ধসের পর ব্যাপক শ্রমিকের প্রাণহানির বিষয়টি সাংবাদিকরা জানতে চাইলে প্যাট্রিক জানান, শ্রমিকদের অধিকার এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়, রফতানিকারক এবং ক্রেতাদের সাথে যুক্তরাষ্ট্র গভীরভাবে সম্পৃক্ত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাট্রিককে সাংবাদিকরা প্রশ্ন করেন, গত সপ্তাহে বাংলাদেশে ধসে যাওয়া ভবনটিতে যেসব পোশাক কারখানা ছিলো সেগুলোর সাথে যুক্তরাষ্ট্রের কোন ক্রেতা কাজ করতো কিনা? এর জবাবে তিনি বলেন, আমরা আন্দাজ করতে পারি কারখানাগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নামকরা ক্রেতারা কাজ করাতো। তিনি বলেন, সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক এর নেতৃত্বে গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রম বিষয়ক সহকারী মন্ত্রীসহ অন্যরা যুক্তরাষ্ট্রের ক্রেতাদের সাথে নিয়মিত বৈঠক করছেন। কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ক্রেতাদের ভূমিকা সম্পর্কে তারা অবহিত করছেন।
ধসে পড়া ভবনে যেসব ক্রেতা কাজ করাতো তাদের নাম জানা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, যেসব কোম্পানি সেখানে কাজ করাতো তারা নিজেরাই স্বীকার করেছে। তিনি সাভারের ঘটনাকে একটি মর্মান্তিক ট্র্যাজেডি উল্লেখ করে বলেন, এ ঘটনায় যারা নিহত হয়েছেন তারা আমাদের হূদয় ছুয়েছেন।
সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে রফতানিকারক দেশের কারখানাগুলোর কাজের পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের ক্রেতাদের আহবান জানিয়েছেন কংগ্রেসওম্যান গ্রেস ম্যাং। সেখানকার বড় বড় ক্রেতাদের কাছে দেয়া এক চিঠিতে তিনি বলেন, লোভে লাগাম দেয়ার উপযুক্ত সময় এখনই। নিরাপত্তাকে বাদ দিয়ে শুধু মুনাফা করা দীর্ঘদিন চলতে পারে না।
সাভারে রানা প্লাজা ধসে সেখানকার পোশাক কারখানা শ্রমিকদের ব্যাপক প্রাণহানির পর গ্রেস ম্যাং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রেতাকে আলাদা আলাদা চিঠি লিখেন। বড় ক্রেতা ওয়ালমার্ট, গ্যাপ এবং যুক্তরাষ্ট্রের এ্যাপারেল ফুটওয়্যার এসোসিয়েশনের কাছে লেখা চিঠিতে গ্রেস ম্যাং বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার দেশের কোম্পানিগুলোকে আহবান জানান।
হাউস ফরেন এ্যাফায়ার্স কমিটির সদস্য এ ডেমোক্রাট কংগ্রেসওম্যান বলেন, যেসব দেশে পণ্য তৈরি করা হয় সেসব দেশে নিরাপদ কর্মক্ষেত্র তৈরিতে ক্রেতাদের আরো ভূমিকা রাখতে হবে। এ খাতে তাদের আরো অনেক কিছু করার আছে। এছাড়া ক্রেতারা যাতে সাব কন্ট্রাক্ট-এর কাজ পুরোপুরি বন্ধ করে সে বিষয়েও তিনি জোর দিয়েছেন।
চিঠিতে তিনি বলেন, বাংলাদেশের যেসব কারখানায় নিরাপত্তা সমস্যা রয়েছে সেসব জায়গায় ক্রেতারা দীর্ঘদিন ধরে কাজ করাচ্ছেন। এর দায় চূড়ান্তভাবে ক্রেতাদের নিতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অগ্রহণযোগ্য পরিবেশে কাজ চললেও যুক্তরাষ্ট্রের ক্রেতারা এ নিয়ে কিছুই করেনি। যেসব দেশ থেকে পোশাক কেনা হয় সেসব দেশের কারখানাগুলো নিরাপদ কিনা তা দেখার নৈতিক দায়িত্ববোধ ক্রেতাদের ওপর বর্তায়। যেসব কারখানা নিরাপত্তা নিশ্চিত করতে না পারবে সেগুলোর সাথে কাজ বন্ধ করার জন্য চিঠিতে তিনি ক্রেতাদের প্রতি আহবান জানান।