সাভারের পৌর মেয়র বরখাস্ত
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:২৬
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সাভারে ধসে পড়া রানা প্লাজার নকশা ও লে-আউট প্ল্যান অনুমোদনে আবেদনকারীর স্বাক্ষর না থাকাসহ যথাযথভাবে বিধি-বিধান অনুসরণ না করার ‘প্রমাণ পেয়েছে’। এ তদন্ত প্রতিবেদনের আলোকে গতকাল বৃহস্পতিবার সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একইসঙ্গে ৭টি সুনির্দিষ্ট অভিযোগে সাভারের পৌর মেয়রকে কারণ দর্শানো নোটিসও দেয়া হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন গতকাল মন্ত্রণালয়ে জমা দেয়া হয়। এরপর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান সাংবাদিকদের বলেন, দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার এবং জনস্বার্থপরিপন্থি কাজ করায় সাভারের পৌর মেয়র রেফাত উল্লাহকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারণ দর্শানোর জন্য মেয়রকে একটি নোটিস পাঠানো হয়েছে জানিয়ে সচিব বলেন, এর জবাব সন্তোষজনক না হলে তাকে বরখাস্ত করা হবে এবং গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে মামলা হবে। স্থানীয় সরকার বিভাগের সচিব তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ইঞ্জিনিয়ার, প্ল্যানার, পৌরসভার কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে আগামী রবিবার মন্ত্রণালয়ে সভা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এতে সভাপতিত্ব করবেন।
তদন্ত কমিটি রানা প্লাজার স্থাপত্য নকশা ও কাঠামোগত নকশায় স্বাক্ষরকারী স্থপতি এটিএম মাসুদ রেজা ও প্রকৌশলী সাজ্জাদ হোসাইনের দায়-দায়িত্বের বিষয়টিও খতিয়ে দেখা যেতে পারে বলে মত দিয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার সচিব জানান, এই দুজনকে খুঁজে বের করতে গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দেয়া হবে। তিনি জানান, ২০০১ সালের ২৭ সেপ্টেম্বর পৌরসভা এলাকায় ভবন নির্মাণের অনুমতি দেয়ার আগে বিল্ডিং কোডের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে সব পৌরসভাকে নির্দেশ দেয়া হয়। এছাড়া সব পৌরসভায় ইমারত বিধির (বিল্ডিং কোড) অনুলিপি সরবাহের নির্দেশ দেয়া হলেও সংশ্লিষ্টরা তা করেননি। এদিকে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাভার পৌরসভার মেয়র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা রানা প্লাজা ভবনের মূল নথিকে পাশ কাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে অসত্ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নতুন নথি সৃষ্টি করে সপ্তম থেকে দশম তলার নকশা অনুমোদন করেন, যা দায়িত্বে অবহেলা, অদক্ষতা ও ক্ষমতা অপব্যবহারের শামিল।’
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই রানা প্লাজার ৭ম থেকে ১০ম তলার নকশা অনুমোদনে সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী খানের সুপারিশের ভিত্তিতে অনুমোদন দেয়া হয়। সাত বা ততোধিক তলার ইমারতের ক্ষেত্রে স্থাপত্যিক নকশা ছাড়াও কাঠামোগত নকশায় আবেদনকারীর স্বাক্ষর করার বিধান থাকলেও এক্ষেত্রে তা করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, রানা প্লাজার ১০ তলা ফাউন্ডেশনের নকশা পরীক্ষা করা হয়নি এবং এ বিষয়ে সরেজমিন পরিদর্শনের কোনো প্রতিবেদনও নথিতে পাওয়া যায়নি। নকশায় অথরাইজড কর্মকর্তা বা ইমারত নির্মাণ কমিটির আদেশক্রমে ওই কমিটির সদস্য সচিবের স্বাক্ষর করার কথা থাকলেও স্বাক্ষর করা হয়নি। জাতীয় ইমারত নির্মাণ কোড অথবা অগ্নি প্রতিরোধ দপ্তর অনুমোদিত অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ পদ্ধতির প্রয়োজনীয় ব্যবস্থা থাকার বিধান থাকলেও এক্ষেত্রে তা পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, সাভার পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তার বক্তব্য থেকে জানা যায়, ষষ্ঠ তলা পর্যন্ত ভবনের অনুমোদন ২০০৫ সালে প্রথম দেয়া হয়। ‘মেয়র সব নথি উপস্থাপনে ব্যর্থ হওয়ায় পরিপূর্ণ তদন্ত করা সম্ভব হয়নি’ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিবিড়ভাবে তদন্ত হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ভবনটির লে-আউট ও নকশা অনুমোদনের সময় সাভার পৌরসভা সব বিধি-বিধান অনুসরণ করেছে কিনা-তা যাচাই করতে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মো. আকতার হোসেনকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি করা হয়। এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোল্লা আজিজুল হক সদস্য ও স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. খলিলুর রহমান এ কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। তদন্ত প্রতিবেদনে নকশা অনুমোদনের ক্ষেত্রে বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের জন্য পৌরসভাগুলোকে নির্দেশ দেয়ার পাশাপাশি অনুমোদন বহির্ভূত নির্মাণ কাজ ও নকশা বহির্ভূত নির্মাণ হলে সেসব স্থাপত্য ভেঙে ফেলার ব্যবস্থা করতে সুপারিশ করা হয়েছে।
পৌরসভায় নকশা অনুমোদনের প্রক্রিয়া মূল্যায়ন করে বিধি-বিধান হালনাগাদ করা এবং নকশা অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট মেয়র ও কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়াসহ ছয়টি সুপারিশ করেছে তদন্ত কমিটি।