তত্ত্বাবধায়কের দাবি মানলে সংলাপে বসবে বিএনপি
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:২৬
যেকোনো স্থানে আলোচনায় বসার জন্য বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের জবাবে বিএনপি বলেছে, আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি মেনে নেয়ার ঘোষণা দিতে হবে। এরপর প্রধানমন্ত্রী লিখিতভাবে প্রস্তাব দিলে বিএনপি আলোচনায় বসতে রাজি আছে। গতকাল প্রধানমন্ত্রীর আহ্বানের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের এই অবস্থানের কথা জানান দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দুদু বলেন, আমরা টেলিভিশনে সংবাদে দেখেছি, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে বলব—কি বিষয়ে আপনি আলোচনা করতে চান, তা আগে স্পষ্ট করুন। আলোচনার আনুষ্ঠানিক প্রস্তাব দিন। আমাদের বক্তব্য স্পষ্ট—নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হবে, আগে এই ঘোষণা দিয়ে লিখিতভাবে আলোচনার প্রস্তাব দিলে আমরা অবশ্যই সাড়া দেব, তখন আলোচনায় বসতে আমাদের কোনো আপত্তি নেই।
তিনি বলেন, একই ধরনের কথা আওয়ামী লীগের অনেক নেতা ও কিছু মন্ত্রীও বলেছেন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা মেনে নিলে আর আলোচনার তেমন কিছু থাকে না। কে প্রধান হবে বা অন্যান্য বিষয়সহ তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে।
তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক’ শব্দটি নিয়ে যদি কারও আপত্তি থাকে, তাহলে এটিকে ‘দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার’ বা অন্য কোনো নামেও নামকরণ করা যেতে পারে। অর্থাত্ সরকারটি হতে হবে দল নিরপেক্ষ।
শামসুজ্জামান দুদু বলেন, সরকার যদি আসলেই সংলাপ করতে চায়, তাহলে কারাগারে আটক বিএনপি নেতাদের মুক্তি দিয়ে সরকারকে আগে আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রধানমন্ত্রীকে বিনীতভাবে বলব, সঙ্কট আর না বাড়িয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের মুক্তি দিন। আলোচনাকে অর্থবহ করতে আপনি ব্যবস্থা নিন।
শনিবার রাজধানীতে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশের বিষয়ে তিনি জানান, শাপলা চত্বর কিংবা নাইটিংগেল মোড়ে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে। তবে এখনো লিখিত বা মৌখিক অনুমতি দেয়া হয়নি। তিনি বলেন, ‘যেকোনো উপায়ে বিএনপি ঢাকায় এ সমাবেশ করবে।’ হেফাজতে ইসলামের রবিবারের ঢাকা অবরোধ কর্মসূচির প্রতি ইঙ্গিত করে দুদু বলেন, ঢাকার বাইরে থেকে দাড়ি-টুপিওয়ালা লোকদের বাসের টিকিট দেয়া হচ্ছে না।