হেফাজত জামায়াতেরই ছায়া ঃ তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে জামায়াত-শিবির যে চক্রান্ত ও ষড়যন্ত্রের রাজনীতি করছে সেই রাজনীতির সমান্তালে ছায়ার মতো আন্দোলন করছে হেফাজতে ইসলাম। তারা ইসলাম নিয়ে মাথা ঘামাচ্ছে না, তারা রাজনীতি করছে। মন্ত্রী আরো বলেন, হেফাজতে ইসলামের নেতারা ইসলাম নিয়ে মিথ্যাচার করছেন। দেশে ইসলাম ধর্ম বিপদে নেই, কখনো বিপদে ছিলো না। তিনি হেফাজতে ইসলামের নেতাদের ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহবান জানান। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে ইসলাম নিয়ে মনগড়া কথা বলে হেফাজত রাজনীতিতে নেমেছে উল্লেখ করে ইনু বলেন, তারা সংবিধান সংশোধনের কথা বলেছেন। একটু অপেক্ষা করুন, আর আট মাস পর জাতীয় সংসদ নির্বাচন। সেখানে আপনারা অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে এসে সংবিধান পরিবর্তন করুন। দয়া করে হুড়-হাঙ্গামা করবেন না। হেফাজতে ইসলাম ধর্মের নামে মিথ্যাচার করছে বলেও তথ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, মিথ্যাচার করা পাপ। তারা যে ব্লগারদের কথা বলছেন, সরকারকে নাস্তিক বলছেন, তা আরেকটি মিথ্যাচার। এ বিষয়ে আমি বলবো, বাংলাদেশে নাস্তিকদের কোনো দল নেই। কোনো দল ছিল না। কোনো ব্যক্তি যদি ধর্মের বিরুদ্ধে মন্তব্য করে তার বিরুদ্ধে অভিযোগ করুন। এ ব্যাপারে আইন আছে, আইন অনুযায়ী বিচার হবে। মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে ৪২ বছরে ইসলামসহ কোনো ধর্ম আক্রান্ত হয়নি। বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে মর্যাদার সঙ্গে তাদের ধর্ম পালন করছেন। সুতরাং ইসলাম বিপদে আছে বলে হেফাজতে ইসলামের নেতাদের দেয়া বক্তব্য মিথ্যাচার ছাড়া অন্য কিছু নয়। এসময় তিনি আল্লামা শফির নাম উল্লেখ করে বলেন, আমি বলছি আপনাদের, আপনারা পাপ ও অন্যায় কাজ করছেন।