গ্লোবাল এ্যাকশন সপ্তাহ পালিত
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৭:২২
প্রতিটি শিশুর জন্য চাই একজন শিক্ষক- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশজুড়ে পালিত হচ্ছে গ্লোবাল এ্যাকশন সপ্তাহ ২০১৩। ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলমান এ কর্মসূচির অংশ হিসাবে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে অভিভাবক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব শিকদার আতিকুর রহমান জুয়েল। সভায় বলা হয়, প্রতিটি শিশুর জন্য একজন শিক্ষক এর অর্থ হচ্ছে অভিভাবকও তার শিশুর জন্য একজন শিক্ষক। একজন শিশুকে ভাল করে গড়ে তোলার জন্য এবং তাকে সঠিক পথে পরিচালনার জন্য পিতা-মাতাকে শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। ছেলেমেয়েদের শুধুমাত্র স্কুলে ভর্তি করিয়ে দিলেই চলবে না। সঠিক সময়ে বিদ্যালয়ে আসা, বাড়িতে ঠিকমত লেখাপড়া করছে কিনা এগুলো দেখার দায়িত্ব অভিভাবকদের। আমাদের বিদ্যালয়গুলোতে শতভাগ উপস্থিত হলেও ৫ম শ্রেণি পর্যন্ত এই হার কিছুটা হ্রাস পায়। মাধ্যমিক পর্যায়ে দেখা যায় যে, এই সংখ্যা আরও কমে যায়। ঝরে পড়া রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। এ ধরনের একটি সুন্দর অনুষ্ঠানের জন্য তিনি পিরোজপুর গণউন্নয়ন সমিতিকে ধন্যবাদ জানানো হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও এনজিও প্রতিনিধিবৃন্দ। আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় ও পিরোজপুর গণউন্নয়ন সমিতি এ কর্মসূচি বাস্তবায়ন করে।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, “প্রতিটি শিশুর প্রয়োজন একজন শিক্ষকের সাহচার্য”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় গ্লে¬াবাল এ্যাকশন উইক -২০১৩ পালন উপলক্ষে এক আলোচনাসভা গতকাল রবিবার বিকালে ভূমিজ ফাউন্ডেশন প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এবং এ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত্য সাহা। ভূমিজ ফাউন্ডেশনের ডিএ ম্যানেজার মহিরুল ইসলাম বাবুলের পরিচালনায় সভায় ধারণাপত্র পাঠ করেন ভূমিজের স্পন্সরশিপ অফিসার আখতার হোসেন। এসময় তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, ভূমিজ ফাউন্ডেশন কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহেল হাদী এবং শিক্ষক জাহাঙ্গীর হোসেন অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় শিক্ষক, অভিভাবক, এনজিও কর্মী, সহায়ক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।