কয়রায় মাঠ দিবস

উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের দেওয়ানখালী ব্লকে ব্র্যাক কয়রা শাখার কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আয়োজনে ২৯ এপ্রিল শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ব্র্যাকের ম্যানেজার দীপক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান, ব্র্যাকের ঊর্ধ্বতন কৃষিতত্ত্ববিদ মোঃ হাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিবাকর সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, কৃষক শফিকুল ইসলাম, সেকেন্দার গাজী, হামজার মোল্যা প্রমুখ। প্রধান অতিথি কৃষকদের সাফল্যের প্রশংসা করে বলেন, আইলাউত্তর কয়রায় ব্র্যাকের হাইব্রীড ধান শক্তি-২ ব্যাপক ফলন হয়েছে। এ ধরনের ফসল উত্পাদন করলে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কর্তনকৃত ধানের একর প্রতি ফলন ভিজা অবস্থায় একরে ১২০ মণ হয়েছে বলে ঘোষণা করেন। যা কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। বক্তারা আগামী বছরে এ ধরনের উন্নত বীজ সাধারণ কৃষকদের সরবরাহ করার জন্য অনুরোধ করেন। মাঠ দিবসে প্রতিবেশী ২৫ পরিবারের স্বামী-স্ত্রীকে নগদ ৪শ’ টাকা প্রদান এবং কৃষকদের উন্নত বীজ ও চাষাবাদ সম্পর্কে ধারণা প্রদান করা হয়।