গল্প নয় সত্যি
অভিনব উদ্যোগ!
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৯:০৭
নানা প্রয়োজনে যেসব প্রতিষ্ঠানকে দিনের ২৪ ঘণ্টা আর সপ্তাহের সাতদিনই সেবা দিতে হয়ে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নানা ধরনের কলসেন্টারগুলো। কিন্তু নানাবিধ পণ্য আর সেবাগ্রহীতা মানুষের অভাব-অভিযোগ বা চাহিদার কথা শোনার জন্য এসব কলসেন্টার সারা দিনরাত সমানভাবে খোলা থাকবার কথা থাকলেও বাস্তবে অনেক কলসেন্টারকেই রাতের সময়টায় খানিকটা ঝিমিয়ে পড়তে দেখা যায়। তা ছাড়া এ সময় দিনের বেলার মতো অতটা চটপটে সেবা না পাওয়া কিংবা লোকবলের অভাবে দীর্ঘক্ষণ ফোন ধরে বসে থাকার মতো ঝক্কিও পোহাতে হয় কলসেন্টারে ফোন দেওয়া মানুষকে। তবে চিরাচরিত এই সমস্যারই একটি অভিনব অথচ সহজ সমাধান এবার খুঁজে বের করেছেন র্যাচেল ক্লেচার ও এড রিভস নামের দুই ভাই। উত্তর ওয়েলস এর রেক্সহ্যাম শহরে অবস্থিত এই দুইভাই তাদের কলসেন্টারকে ২৪ ঘণ্টাই সমান সচল রাখতে কয়েকদিন আগে পরীক্ষামূলকভাবে নিউজিল্যান্ডে পাঠিয়ে দেন কলসেন্টারের চার কর্মীকে। উদ্দেশ্য ছিল নিউজিল্যান্ডের সাথে ইংল্যান্ড ও ওয়েলস এর ১২ ঘণ্টা সময়ের ব্যবধানকে কাজে লাগিয়ে মানুষকে ভালো মানের সেবা দেওয়া। আর তাদের এই পরীক্ষার সাফল্যের সূত্র ধরেই এবার আরও কয়েকজন কর্মীকে নিউজিল্যান্ড পাঠানোর উদ্যোগ নিয়েছেন ক্লেচার ও রিভস ভাইয়েরা। এ প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, ‘ইংল্যান্ড ও ওয়েলসে যখন মাঝরাত নিউজিল্যান্ডে তখন মাত্র দিন। ফলে ওখানে দিনের স্বাভাবিক সময়ে কাজ করেই আমার কর্মীরা এখানকার মানুষের রাতের ফোনকলগুলো যথাযথভাবে উত্তর দিতে পারছেন। রাতের সময়ের জন্য লোকবল খুঁজে পাওয়া কিংবা মানসম্পন্ন সেবা দেওয়ার কথাও এর ফলে আমাদের ভাবতে হচ্ছে না।’ অন্যদিকে চাকরির পাশাপাশি আরও একটি দেশ ঘুরে বেড়ানোর সুযোগ পাওয়ায় ক্লেচার ও রিভস ভাইদের এই প্রস্তাবে ভীষণ খুশি নিউজিল্যান্ডে গিয়ে চাকরি করতে থাকা কর্মীরাও।