সিনিয়র নায়ক-নায়িকাদের নতুন সমীকরণ
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৯:২০
বর্তমান চলচ্চিত্রের এই বহুমুখী সংকটের ভেতরেও তরুণ একাধিক নির্মাতারা তাদের চলচ্চিত্রের কাজ শুরু করছেন। সর্বশেষ ‘দেহরক্ষী’ চলচ্চিত্রে অভিষেক ঘটল ছোট পর্দার অভিনেতা আনিসুর রহমান মিলনের। ছবিটি এই মন্দার বাজারেও প্রায় ৪০টি হলে স্ক্রিনিং হয়েছে। যা আবারও প্রমাণ করে কমার্শিয়াল ছবি, বা প্রচলিত ফ্যান্টাসির ছবিই এ দেশের দর্শকদের প্রাণের কথা বলে। এর বাইরে কেউ কেউ অল্প বাজেটের ছবি নির্মাণ করলেও একটা বিষয় আলোচনায় আসছে তা হলো—চলচ্চিত্রে এরই ভেতরে নতুন প্রজন্মের আনাগোনা শুরু হয়েছে। তাই অনেকেই অনেককে আগামী দিনের মান্না বা আগামী দিনের সালমান শাহ বলে সম্বোধন শুরু করেছেন। এর ভেতরে মৌসুমী-শাবনূরকে নিয়ে যখন চলছে কী ধরনের চরিত্রে তাদের আনা যায় তা নিয়ে গবেষণা, তখন তরুণ চিত্রনির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বোন-ভাবীর চরিত্রে এনে তাদের চরিত্রকেই অন্যভাবে ফোকাস দিয়েছেন। আনকোরা অভিনয়ে অপারদর্শী কয়েকজন নতুন মুখকেও প্রমোট করার চেষ্টা করেছেন তিনি। তবে ফেরদৌস-মৌসুমী বা শাবনূরের এই পড়তি বাজারে এই ছবিটির ওপরেই হয়তো নির্ভর করবে তাদের অভিনয়ের ক্যারিয়ার কোন দিকে মোড় নেবে। এ ছাড়া তাদেরকে দিয়ে ভাই-ভাবীর চরিত্রেই বা দর্শকরা কতটা কীভাবে নেয় সেটিও দেখার বিষয়। উল্লেখ্য, বাংলাদেশি চলচ্চিত্রে শাবানা দীর্ঘদিন ধরে ভাবী কিংবা মায়ের চরিত্রে থেকেও প্রধান নায়িকা হিসেবে বড় পর্দা দাপিয়ে গেছেন। সেক্ষেত্রে সেই পদাঙ্ক অনুসরণ করতেই পারেন মৌসুমী বা শাবনূর। তবে ছবিটি পুরোদস্তুর কমার্শিয়াল এরিনার ছবি। এখানেই যেন চিত্র নির্মাতারা স্বস্তি পেয়েছেন। এ ছবিটি প্রসঙ্গে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ছবিটি পুরোপুরি পারিবারিক অ্যাকশন ছবি। আমাদের বাংলা ছবির ঐতিহ্যগত যে ফ্যান্টাসি টানাপোড়েন সবই এই ছবিতে আছে। দর্শকেরা উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’