অসুস্থ অভিনেতা সালেহ আহমেদের খোঁজ রাখে না শিল্পী সমাজ
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৯:২১
দেশের বিশিষ্ট কথা সাহিত্যিক, নাটক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ ২০১১ সালের ৩ আগস্ট জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রাভিনেতা অসুস্থ সালেহ আহমেদকে উদ্দেশ্য করে একটি চিঠিতে লিখেছিলেন, ‘সালেহ ভাই! কী সমস্যা? কাত হয়ে আছেন কেন? তাড়াতাড়ি ভালো হয়ে যান। আপনাকে বাংলাদেশের প্রয়োজন। ইতি, হুমায়ূন আহমেদ।’ সালেহ আহমেদকে উদ্দেশ্য করে যখন হুমায়ূন আহমেদ এই চিঠিটি লিখেছিলেন তখন হুমায়ূন আহমেদ সুস্থ ছিলেন। অথচ সেই মানুষটিই সালেহ আহমেদের আগেই পরপারে চলে গেলেন। এই দুঃখই সালেহ আহমেদেক প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। বিগত প্রায় তিন বছর যাবত সালেহ আহমেদ ঢাকার উত্তরখানের নিজ বাসভবনেই সময় কাটাচ্ছেন। নাট্যাঙ্গনের অনেকেই জানেন না তিনি কেমন আছেন। অসুস্থ সালেহ আহমেদ কেমন আছেন, কী করছেন তারই খোঁজখবর নিজ উদ্যোগেই জেনেছেন মহাখালীস্থ আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। গত বৃহস্পতিবার তিনি সালেহ আহমেদের উত্তর খানের বাসায় যান, অসুস্থ সালেহ আহমেদ ও তার সহধর্মিণী মোসলেমা আহমেদ লিলির সাথে কথা বলেন। আজ থেকে প্রায় তিন বছর আগে সালেহ আহমেদ ব্রেন স্ট্রোক করেন। পাশাপাশি রয়েছে তার ফুসফুস প্রদাহজনিত সমস্যাসহ বাত সমস্যা। যে কারণে তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না, স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না। তবে স্মৃতিশক্তি তার প্রখর। থেমে থেমে তিনি অতীত দিনের কথা বলতে পারেন।
অথচ অসুস্থ অভিনেতা সালেহ আহমেদের খোঁজে শিল্পী সমাজের কেউ ব্যক্তিগত বা সাংগঠনিকভাবে খোঁজ রাখেননি। সৌজন্য দেখাটুকুও করতে আসেননি কেউ। এভাবেই রোগসজ্জায় একা অপরিচিত ভক্ত ডাক্তারই যেন তার পরম আত্মীয়ের কাজ করছেন। উল্লেখ্য, বগুড়ার সারিয়াকান্দিতে জন্ম নেওয়া সালেহ আহমেদ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি করার পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাটমঞ্চের সাথে যুক্ত ছিলেন। তবে স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন। ১৯৯১ সালে অবসরে যাওয়ার পর হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ধারাবাহিক নাটক ‘অয়োময়’ এবং চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ দিয়ে তার অভিনয়ে দাপুটে পদচারণা শুরু হয়। এরপর অসংখ্য টিভি নাটক এবং চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। ‘ইত্যাদি’তেও নিয়মিত একজন শিল্পী ছিলেন তিনি। সালেহ আহমেদ শুধু এটুকুই বললেন, ‘আমি অভিনয়ে ফিরতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’ ডা. আশীষ বলেন, ‘স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন সালেহ আহমেদ আমাদের দেশের সম্পদ। তাকে সুস্থ করে তোলা আমাদের দায়িত্ব। আয়েশা মেমোরিয়াল হসপিটাল তাকে চিকিত্সার ব্যাপারে সবধরনের সহযোগিতা করবে। সবার মাঝে তাকে আবারও ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।’
উল্লেখ্য, সালেহ আহমেদের বর্তমান বয়স প্রায় আশি বছর।