বাউফলে খোলা আকাশের নীচে পাঠদান
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২০:৪৬
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা আলিম মাদ্রাসার ৪ শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নীচে বসে ক্লাস করছে। গত ১৬ এপ্রিল রাতে কালবৈশাখি ঝড়ে ওই মাদ্রাসার একাডেমিক ভবন বিধ্বস্ত হওয়ার পর থেকে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিদিন প্রখর রোদের মধ্যে খোলা আকাশের নীচে সবাইকে ক্লাস করতে হচ্ছে।
শিক্ষার্থীরা জানায়, লোহালিয়া নদীর তীরে হওয়ায় সামান্য জোয়ারে মাদ্রাসার মাঠে পানি জমে যায়। ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতেও মাদ্রাসার ব্যাপক ক্ষতি হয়েছে। সর্বশেষ গত ১৬ এপ্রিল কালবৈশাখীর ছোবলে মাদ্রাসার প্রধান একাডেমিক ভবন বিধ্বস্ত হয়। এরপর থেকে খোলা আকাশের নীচে সবাইকে ক্লাস করতে হচ্ছে। মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, খুব শিগগিরই মাদ্রাসা মেরামত করা না হলে বর্ষা মৌসুমে পাঠদান ব্যাহত হবে।