প্রাথমিক শিক্ষাবঞ্চিত যমুনা পাড়ের শিশুরা

জামালপুরের ইসলামপুর উপজেলার ৬ ইউনিয়নের যমুনা দ্বীপচরগুলোতে দিন দিন শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ইউনিয়নগুলো হল পার্থর্শী, কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, নোয়ারপাড়া ও সাপধুরী। যমুনার দ্বীপচরের ১৬টি গ্রামের স্কুল বিগত দিনে যমুনা নদীতে বিলিন হয়েছে। অনেক দূরে স্কুল তাই সেখানে তারা যেতে পারে না। যে বয়সে বই, খাতা, কাগজ, কলম নিয়ে স্কুলে যাওয়ার কথা সেই মূল্যবান সময় অজান্তেই হারিয়ে যাচ্ছে যমুনার দ্বীপচরের শিশুদের জীবন থেকে। ইসলামপুর উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১৬টি প্রথমিক বিদ্যালয় যমুনার ভাঙ্গনে বিলিন হয়েছে। আবার অনেক বিদ্যালয় একাধিকবার ভাঙ্গনের কবলে পড়েছে। এদিকে, যমুনায় জেগে উঠা দ্বীপচরগুলোতে শত শত লোক বসতি স্থাপন করে বসবাস করলেও অনেক গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি। আবার যে সব বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে আসবাব পত্রসহ শিক্ষার্থীদের বসার ব্যবস্থা নেই। বর্ষা মৌসুমে অধিকাংশ বিদ্যালয় ৬ মাস থাকে বন্যার পানির নীচে।