শ্রীপুরে মে দিবসে কাজ করতে
গিয়ে মহিলা শ্রমিক হারালো
হাতের চার আঙুল
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২০:৪৯
মহান মে দিবসে কর্তৃপক্ষের চাপে কাজ করতে গিয়ে কাজল বানু (২৪) নামের এক মহিলা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। কারখানার কাটিং সেকশনে কাজ করার সময় আচমকা মেশিনে হাত পড়ে তার ডান হাতের চারটি আঙুল কেটে কব্জি পর্যন্ত থেঁতলে যায়। গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার স্কয়ার মারকাব স্পিনিং কারখানায় এ ঘটনা ঘটে। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ছুটির দিনেও ১৭৫০ জন শ্রমিক কাজ করে।
কারখানার শ্রমিক সোহেল, কবির হোসেন ও হারুন জানান, স্কয়ার মারকাব কারখানাটি সরকারি ছুটির দিনেও খোলা রেখে শ্রমিকদের ছাঁটাইয়ের হুমকি দিয়ে কাজ করানো হয়।
এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) কাওসারুল আমীন জানান, ছুটির দিনে শ্রমিকদের অতিরিক্ত মজুরি দিয়ে কারখানা চালু রাখা হয়। কারখানা মালিকের নির্দেশে ছুটির দিনেও কাজ চলে বলে দাবি করেন তিনি।