হালুয়াঘাটে ছাত্রীর স্কুল যাওয়া বন্ধ মাকে পিটিয়ে আহত

ফুলপুর(ময়মনসিংহ) সংবাদদাতা হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজিরভিটা ইউনিয়নের চরবাঙ্গালিয়া নাইট মনিন্দ্র রেমা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী ও তার পরিবার এক বখাটের ইভটিজিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে। বর্তমানে মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ। জানা যায় ঐ এলাকার আলালউদ্দিনের (চৌকিদার) পুত্র আবু রায়হান (১৯) স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন যাবত্ পিতৃহারা, অসহায় ঐ ছাত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। অতিষ্ঠ হয়ে ঐ ছাত্রী এ ঘটনা তার মাকে জানায়। গত ২৮ এপ্রিল সমনিয়াপাড়া চৌরাস্তা মোড়ে আড্ডা দেয়ার সময় ঐ ছাত্রীর মা বখাটে আবু রায়হানকে উত্ত্যক্ত করার কারণ জিজ্ঞেস করলে বখাটে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে। তাত্ক্ষণিক প্রতিবাদ করলে বখাটে আবু রায়হান ও তার সঙ্গীরা ঐ ছাত্রীর মা রোসনা খাতুনকে কিল-ঘুষি দিয়ে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।