নাসিরনগরে ১২২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে দুই কর্মকর্তা

নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে ৫টি ক্লাস্টারে সরকারি ও রেজিস্টার্ড ১২২টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা মনিটরিংয়ের জন্য মাত্র ২ জন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রয়েছেন । ফলে প্রয়োজনীয় জনবল সংকটের কারণে একদিকে যেমন অফিসের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে মাঠ পর্যায়েও বেহাল অবস্থা বিরাজ করছে। ১ জন উপজেলা শিক্ষা কর্মকর্তা, ৬ জন সহকারী শিক্ষা কর্মকর্তা, ৩ জন অফিস সহকারী, ১ জন হিসাবরক্ষক ও ১ জন এমএলএসএস (পিয়ন) পদের বিপরীতে মাত্র ১ জন শিক্ষা কর্মকর্তা, ২ জন সহকারী শিক্ষা কর্মকর্তা ও ২ জন অফিস সহকারী কর্মরত রয়েছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় অন্য ২ জন সহকারী শিক্ষা কর্মকর্তাকে মাঠ পর্যায়ের কাজে হিমশিম খেতে হচ্ছে । ফলে বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক-শিক্ষিকাদের ক্লাস্টার ট্রেনিং এবং শিক্ষকদের হাজিরার বিষয়টি তদারকি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে । বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আবদুল হামিদ খান জানান, সহকারী শিক্ষা কর্মকর্তার অভাবে বিদ্যালয়গুলোর মনিটরিং ব্যবস্থা জোরদার করা যাচ্ছে না। উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুঁইয়া জনবল সংকটের কথা স্বীকার করে জানান, প্রতিটি ক্লাস্টারে একজন সহকারী শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালনের কথা থাকলেও কর্মকর্তার অভাবে অনেকটা জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে।