সিরিয়ার আল-বাইদায় সরকারি বাহিনীর হামলায় নিহত ১০০
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২০:৫৯
সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় উপকূলবর্তী গ্রাম আল-বাইদায় প্রায় ১০০জন নিহত হয়েছে। এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী ও মিলিশিয়ারা বৃহস্পতিবার সিরিয়ার উপকূলবর্তী গ্রাম আল-বাইদায় হামলা চালায়। হামলায় নারী ও শিশুসহ ৫০জন থেকে ১০০জনের মতো নিহত হয়েছে বলে বিরোধীরা জানিয়েছে। তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে বৃহস্পতিবারের ওই সংঘর্ষে নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে যেতে পারে।
জানা গেছে, এর আগে বিদ্রোহীরা সাবিহা নামে পরিচিত আসাদ সমর্থিত যোদ্ধাদের উপর হামলা চালালে ছয়জন নিহত এবং বিশজনের বেশি আহত হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় সরকারি বাহিনী আল-বানিয়াস গ্রাম তছনছ করে এবং গুলি চালায়। তবে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, সেনারা ‘সন্ত্রাসীদের’ হত্যা করেছে। এসওএইচআর বলেছে, বানিয়াসের আশেপাশের এলাকায় এই ধরনের ঘটনা এটাই প্রথম। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে আসাদের অনুগত বাহিনী দামেস্কের বাইরে বেশ কয়েকটি শহরতলী বিদ্রোহীদের নিয়ন্ত্রণমুক্ত করে নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ডের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।
হেগেলই প্রথম ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা, যিনি প্রকাশ্যে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের বিষয়ে মন্তব্য করলেন। গত বছর প্রেসিডেন্ট বারাক ওবামা এ ধরনের একটি প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র সকল বিকল্প খুঁজে দেখছে। এ প্রসঙ্গে হেগেল বলেন, বিদ্রোহীদের অস্ত্র দেয়াও একটি বিকল্প। আপনারা দেখেছেন আমরা সকল বিকল্প পুনর্বিবেচনা করেছি। এসব বিকল্পগুলো অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে বিবেচনা করতে হবে যা সম্ভাব্য এবং যা আমাদের উদ্দেশ্যগুলোকে সুসম্পন্ন করতে পারে।